রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক ক্রেতা হারিয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আবাসন খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে আলাপ করেছেন এ খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন।

আলমগীর শামসুল আলামিন
আলমগীর শামসুল আলামিন

প্রথম আলো: আবাসন খাতের চিত্রটা এখন কেমন? রাজনৈতিক অস্থিরতা এ খাতে কেমন প্রভাব ফেলেছে?
আলমগীর শামসুল আলামিন: তিন মাস দেশে হরতাল-অবরোধ চলেছে। একটা বছরের চার ভাগের এক ভাগ সময়ই চলে গেছে। মানে, সারা বছর আমাদের যত ব্যবসা হতো তার ২৫ শতাংশ কিন্তু শেষ। আমরা সম্প্রতি সদস্যদের প্রতি একটি নির্দেশনা জারি করেছি যে, ক্রেতাদের কাছে ফ্ল্যাট হস্তান্তরের সময়সীমা এক বছর বাড়াতে পারবে। ক্রেতারা আমাদের বলছেন, তিন মাস হরতাল-অবরোধ চলেছে। আপনারা এক বছর সময় বাড়ালেন কেন? দেখেন, আমরা আবাসন ব্যবসায়ীরা শুষ্ক মৌসুমেই মাটির নিচের কাজ করি। একটা ভবন নির্মাণের জন্য আমাদের এখন ৪০ ফুট পর্যন্ত গর্ত করে কাজ করি। বর্ষাকালে তো এই কাজ করা যাবে না। তিন মাসে তো আমরা সে কাজ করতে পারিনি। তাই আমাদের পরবর্তী শুষ্ক মৌসুমের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। গত শীতকালীন মেলায় আমরা প্রচুর ক্রেতা পেয়েছিলাম। কারণ, ফ্ল্যাটের যে দাম চলছে, তা ক্রেতাদের আকৃষ্ট করেছিল। সেই ক্রেতা আমরা হারিয়েছি শুধুই রাজনৈতিক অস্থিরতার কারণে।
প্রথম আলো: আপনি বলছিলেন এখন ফ্ল্যাটের দাম কম। কিন্তু এই দাম নিয়েই ক্রেতাদের যত অভিযোগ। বেশির ভাগ ফ্ল্যাটই সাধারণ মানুষের নাগালে নেই।
আলমগীর শামসুল আলামিন: ক্রেতাদের সঙ্গে আমি পুরোপুরি একমত। দেশের মানুষের আয়ের যে স্তর, সে অনুযায়ী দেশে ফ্ল্যাট কিংবা সম্পত্তির মূল্য অনেক বেশি। এর বড় কারণ, ঢাকায় জমির স্বল্পতা। এ সুযোগে জমির মালিকেরা চড়া দামে তা বিক্রি করেন। আবার ইট ও বালু ছাড়া সব ধরনের নির্মাণসামগ্রীর কাঁচামালই আমদানিনির্ভর। সে কারণে নির্মাণসামগ্রীর দামও বেশি। এসব কারণেই ফ্ল্যাটের দাম কমানো যায় না।
প্রথম আলো: ফ্ল্যাটের দাম সাধারণের নাগালে আনার উপায় কী?
আলমগীর শামসুল আলামিন: রিহ্যাবের সভাপতি হওয়ার পর আমি একটি স্লোগান ঠিক করছি। স্লোগানটি হলো ‘ভাড়ার টাকায় বাড়ির মালিক।’ কিন্তু এ জন্য সরকারের বাস্তবমুখী কার্যকর নীতি থাকতে হবে। বিশ্বের সব সভ্য দেশে গৃহঋণের সুবিধা রয়েছে। সেখানে ক্রেতাদের স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হয়। দেশে এই সুযোগটি খুবই সীমিত। আবার সরকারের যে কয়টি সংস্থা গৃহঋণ দেয়, তাদের এখন তহবিলসংকট। একটি সংস্থার প্রধান তো আমাকে জানিয়েছেন, এক বছর ধরে তাঁরা আবাসন ঋণের আবেদনই নিচ্ছেন না। এই অবস্থা হলে সাধারণ মানুষ ফ্ল্যাট কিনবেন কীভাবে? আরেকটি বিষয় হচ্ছে, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে নিবন্ধন ও করসহ নানা ধরনের চার্জ দিতে হয়। এসব চার্জ কমাতে হবে। একজন ক্রেতা ঋণ করে, ধার করে, কিস্তিতে ফ্ল্যাট কিনবেন। তার জন্য সরকার গেইন ট্যাক্স ঠিক করে দিয়েছে। এটা তো ক্রেতার ওপর চাপ তৈরি করে। সবগুলো বাণিজ্যিক ব্যাংক যেন ক্রেতাদের ফ্ল্যাট কেনার ক্ষেত্রে সহজ শর্তে ঋণ দেয়, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনা থাকা খুবই প্রয়োজন।
প্রথম আলো: জেলা শহর কিংবা প্রত্যন্ত অঞ্চলে আপনারা আবাসিক প্রকল্প করছেন না কেন?
আলমগীর শামসুল আলামিন: বসবাসের বৈচিত্র্যের পূর্বশর্ত হচ্ছে অবকাঠামো। অনেক দেশের মানুষ প্রতিদিন ২০০ কিলোমিটার দূর থেকে এসে অফিস করে আবার সেখানে ফিরে যান। আমরা ৩০ কিলোমিটার দূরের গাজীপুর থেকে এসেই অফিস করতে পারি না। এটুকু জায়গায় আসা-যাওয়া করতে অন্তত চার ঘণ্টা লেগে যায়। যত দিন অবকাঠামোর উন্নয়ন না হবে, তত দিন প্রত্যন্ত অঞ্চলে আবাসিক প্রকল্প শুরু করা আমাদের জন্য কঠিন।
প্রথম আলো: বেশি মানুষকে আবাসিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে কেমন উদ্যোগ নেওয়া প্রয়োজন?
আলমগীর শামসুল আলামিন: এ জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কম দামে জমি পাওয়া। আমরা যদি কম দামে জমি পাই, তাহলে কম দামে ফ্ল্যাট দিতে পারব, আবার অধিকসংখ্যক প্রকল্পও বাস্তবায়ন করতে পারব। পূর্বাচল, ঝিলমিলের মতো সরকারি প্রকল্পগুলো আদৌ কতটুকু বেশি মানুষের উপকারে আসবে, তা নিয়ে আমার দ্বিমত আছে। সেখানে একজনকে পাঁচ কাঠার প্লট দেওয়া হয়েছে। সেটা কিন্তু কয়েক হাত ঘুরে কোনো না কোনো ডেভেলপারের হাতেই আসবে। কিন্তু ততক্ষণে দাম অনেক বেড়ে যাবে। তার চেয়ে রাজউক যদি জমিটাকে উন্নত করে আমাদের দিত, তবে আমরা ওই জায়গায় অন্তত ১০ জনের আবাসন সুবিধা দিতে পারতাম।
প্রথম আলো: আবাসন ব্যবসায়ীদের ওপর সাধারণ মানুষের একধরনের নেতিবাচক ধারণা আছে। এ থেকে উত্তরণ কীভাবে সম্ভব?
আলমগীর শামসুল আলামিন: গত শীতকালীন মেলায় অনুমোদনহীন কোনো প্রকল্পকে আমরা ঠাঁই দিইনি। আমাদের একটা মেডিয়েশন সেল আছে। সেখানে ক্রেতারা অভিযোগ জানাতে পারেন। আমরা সেসব অভিযোগ খতিয়ে দেখি, যেন ক্রেতারা প্রতারিত না হন। আমরা ক্রেতাদের সচেতন করার চেষ্টা করছি। তবে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ক্রেতাদেরও সচেতন হতে হবে।
প্রথম আলো: উন্নত দেশের চেয়ে আমাদের আবাসন খাত কতটা পিছিয়ে আছে?
আলমগীর শামসুল আলামিন: নির্মাণের ক্ষেত্রে আমরা তেমন পিছিয়ে নেই। আমরা পিছিয়ে আছি সময়ের দিক থেকে। যেমন, আমরা এখনো শহরকেন্দ্রিক আবাসন করে যাচ্ছি। পাশ্চাত্যের দেশগুলোতে শহরের উন্নয়ন শেষ। তারা এখন প্রত্যন্ত অঞ্চলে আবাসনের দিকে যাচ্ছে। এমনকি ভারতও শহরের বাইরে স্যাটেলাইট সিটির ওপর জোর দিচ্ছে। আমরা এখনো এমন কাজ করতে পারছি না। এর কারণ আগেই বলা হয়েছে, সেটা হলো দুর্বল অবকাঠামোব্যবস্থা।