রাজনৈতিক অস্থিরতার পরও বিদেশি বিনিয়োগ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গত বছরের শেষ ভাগে যে রাজনৈতিক অস্থিরতা ছিল, তা বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি। বরং দেশজুড়ে অস্থিরতার মধ্যেও বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত ছিল। গতকাল সোমবার রাজধানীর গুলশানের এক হোটেলে আয়োজিত মধ্যাহ্ন ভোজসভায় বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ এসব কথা বলেন।
ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই বা ফিকি) এই সভার আয়োজন করে। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান। সভায় স্বাগত বক্তব্য দেন ফরেন চেম্বারের সভাপতি রূপালী চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনটির নির্বাহী পরিচালক এম এ মতিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ফরেন চেম্বারের নির্বাহী সদস্য রডনি জেমস রিড।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগের ক্ষেত্রে অবকাঠামোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরপর বস্ত্র, পোশাক খাত, হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত শিল্পকে অগ্রাধিকার দিয়ে আসছে বিনিয়োগ বোর্ড। তবে বিনিয়োগের ক্ষেত্রে অবকাঠামো, সুশাসন, রাজনৈতিক অস্থিরতা, আমলাতান্ত্রিক জটিলতা বড় বাধা। বিদেশিরা এসব বাধার কথা বারবার বলে থাকে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এসব বাধা দূর করতে কাজ করছে বিনিয়োগ বোর্ড।
এস এ সামাদ জানান, বিনিয়োগ প্রক্রিয়াকে সহজ করতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডের (বিআইসিএফ) সহায়তা বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। নিবন্ধন প্রক্রিয়াকে সহজ করতে ‘অনলাইন নিবন্ধন’ পদ্ধতি চালু করা হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ভূমি নিবন্ধন ও বন্ডেড ওয়্যার হাউস সনদপ্রাপ্তির আবেদন প্রক্রিয়াকে অনেক সহজ করা হয়েছে।
বর্তমান সরকারের বিগত পাঁচ বছরের শাসনামলে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান হিসেবে বিনিয়োগসংক্রান্ত সব ধরনের সেবা উন্নত করার চেষ্টা করেছেন বলে তিনি জানান।
এস এ সামাদ বলেন, ‘সরকারের ধারাবাহিকতা ও সুশাসনের ক্ষেত্রে আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে। আমাদের ইতিহাস মসৃণ নয়। অবকাঠামো দুবর্লতার পাশাপাশি আর্থসামাজিক, রাজনৈতিক ও নীতি ধারাবাহিকতায়ও সমস্যা রয়েছে। ঘন ঘন নীতি পরিবর্তন নিয়েই বিদেশি বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকে।’ এসব সমস্যা সমাধানে তিনি কাজ করছেন বলে জানান।
এফআইসিসিআইয়ের সভাপতি রূপালী চৌধুরী বলেন, ‘বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে কী কী সমস্যা রয়েছে সেগুলো আমাদের সবারই জানা। বছরের পর বছর এসব সমস্যা নিয়ে নানা আলোচনা হয়। কিন্তু কোনো সমাধান হয় না। অথচ অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ খুবই সম্ভাবনাময়। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এখন সমন্বিত দীর্ঘমেয়াদি শক্তিশালী পরিকল্পনা নিয়ে এগোতে হবে। সেই সঙ্গে সবকিছু ঢাকাকেন্দ্রিক না করে বিকেন্দ্রীকরণ দরকার।’