রাজনৈতিক অস্থিরতার প্রভাব রাজস্ব আদায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের (২০১২-১৩) প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) রাজস্ব আদায়ে প্রায় পাঁচ হাজার কোটি টাকার ঘাটতি হয়েছে। রাজনৈতিক সহিংসতার কারণে বিগত কয়েক মাস ধরেই রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিশেষত হরতালসহ রাজনৈতিক সহিংসতায় চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য খালাস কম হওয়ায় গত মার্চ মাসে আমদানি পর্যায়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্কসহ সব ধরনের কর আদায় কমেছে। এনবিআর সূত্রে জানা গেছে, অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে ৭৩ হাজার ২১৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। আলোচ্য সময়ে ৭৮ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল। গত অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ৬৩ হাজার ২৬৩ কোটি টাকা। সে হিসাবে অবশ্য প্রথম নয় মাসে রাজস্ব আদায়ে ১৫ দশমিক ৭৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।চলতি অর্থবছরে এনবিআরের এক লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। আদায় পরিস্থিতি: চলতি অর্থবছরের প্রথম নয় মাসে আমদানি পর্যায়ে আমদানি শুল্ক, মূসক, সম্পূরক শুল্ক ও রপ্তানি শুল্ক আদায়ের পরিমাণ ২৩ হাজার ৫৭০ কোটি টাকা। তবে আমদানি পর্যায়ে গত মার্চ মাসে আগের বছরের তুলনায় প্রায় ১০০ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। মার্চ মাসে এই খাত থেকে আমদানি শুল্ক, মূসক, সম্পূরক শুল্কসহ আমদানি পর্যায়ে মোট রাজস্ব আদায় হয়েছে দুই হাজার ৪৬৬ কোটি টাকা।মার্চ মাসে এক হাজার ৪৩ কোটি টাকার আমদানি শুল্ক আদায় হয়েছে, যেখানে গত বছরের মার্চ মাসে এই উপখাতে আদায়ের পরিমাণ ছিল এক হাজার ৮৫ কোটি টাকা। একইভাবে সম্পূরক শুল্ক আদায় হয়েছে ২৮৫ কোটি টাকা। গত মার্চে আদায়ের পরিমাণ ছিল ৩২৮ কোটি টাকা। মূলত হরতাল ও রাজনৈতিক অস্থিরতায় চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কম হয়েছে। তাই রাজস্ব আদায়ও কমেছে।