রাজনৈতিক অস্থিরতার মধ্যেও পণ্য আমদানি দ্রুত বাড়ছে

রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দেশে পণ্য আমদানি বাড়তে শুরু করেছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজে পুরোদমে আমদানি করা পণ্যের খালাস চলছে। কনটেইনারেও পণ্য আমদানির হার বাড়ছে। প্রধানত ভোগ্যপণ্য, শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি এবং ইলেকট্রনিকস-সামগ্রী আমদানি হচ্ছে।অনেকটা হঠাৎ করে আমদানি বেড়ে যাওয়ার পেছনে তিনটি কারণ জানা গেছে।
প্রথমত, দুই মাস পর রমজান শুরু। প্রতিবছরই রমজান মাস শুরুর ঠিক আগে আগে বিশ্বজুড়ে পণ্যের দাম বেড়ে যায়। এবার তাই কম দামে পণ্য কিনতে অনেকটা আগেভাগেই আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা।
দ্বিতীয়ত, ২০১৩-১৪ অর্থবছরের বাজেট সামনে রেখে শুল্ককর বাড়তে পারে—এমন পণ্য আমদানি বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।
তৃতীয়ত, হল-মার্কের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকগুলো বিনিয়োগে কয়েক মাস বেশি কড়াকড়ি করেছিল। এখন আবার তা শিথিল করা হচ্ছে। তাই পণ্য আমদানির অর্থায়ন বাড়ছে।বন্দরে আমদানি পণ্য খালাসের আগে শুল্কায়ন করে কাস্টম হাউস। কাস্টম হাউসের কমিশনার মো. মাসুদ সাদিক প্রথম আলোকে বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বেশি হয় এ সময়। আবার ঋণপত্র খুলে পণ্য আমদানিতে ব্যাংকগুলো এখন আগের চেয়ে সহযোগিতা করছে বেশি। এ কারণে বছরের অন্য স ময়ের তুলনায় এখন পণ্য আমদানি বাড়ার প্রবণতা দেখছি।’বিভিন্ন ব্যাংকের খাতুনগঞ্জ শাখার কর্মকর্তারা জানান, হল-মার্ক ও বিসমিল্লাহ গ্রুপের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকগুলো গত কয়েক মাস ঋণপত্র খুলতে খুব বেশি সতর্কতা অবলম্বন করেছিল। তবে ব্যাংকের বিনিয়োগ কমে যাওয়ায় মুনাফাও কমে যায়। এ পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে আমদানি পণ্যের অর্থায়নে আবার এগিয়ে এসেছে ব্যাংকগুলো।ন্যাশনাল ব্যাংকের খাতুনগঞ্জ শাখার একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, হল-মার্কের ঘটনার পর এক কোটি টাকার ঋণপত্র খুলতে হলে ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমোদন নিতে হতো। এখন শাখা কার্যালয় থেকে ১০ কোটি টাকার ঋণপত্র খোলা যায়।
আমদানি পণ্যের স্তূপ
রমজান মাসে বেশি ব্যবহূত পণ্য মটর ডাল, ছোলা, মসুর ডাল, চিনি ও গম আমদানি বেড়েছে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। এপ্রিল মাসে মটর ডাল আমদানি হয় এক লাখ ২১ হাজার ৭৮১ টন। এর আগে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে গড়ে আমদানি হয় ২০ হাজার টন করে। একইভাবে গত মাসে ছোলা আমদানি হয় ৩৫ হাজার ৭৬৮ টন। গড়ে প্রতি মাসে আট হাজার টন মসুর ডাল আমদানি হলেও গত মাসে আমদানি হয় ২৩ হাজার ৬৭৩ টন। গম আমদানিও অনেক বেড়েছে।
আবার শুধু এপ্রিল মাসেই গম আমদানি হয়েছে দুই লাখ ২৭ হাজার মেট্রিক টন। এ ছাড়া চিনি আমদানি হয় পৌনে দুই লাখ টন।
বন্দরে এখন ১৩টি ভোগ্যপণ্যবাহী জাহাজ থেকে পণ্য খালাস চলছে। এসব পণ্য আমদানি করেছে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, বিএসএম গ্রুপ ও আমান গ্রুপ। জানতে চাইলে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, চিনি রপ্তানি শুরু হওয়ায় অশোধিত চিনি আমদানি বেড়েছে। আবার সিমেন্ট রপ্তানির মৌসুমের কারণে সিমেন্টের কাঁচামালও আমদানি হচ্ছে ব্যাপক হারে।
ভোগ্যপণ্য ছাড়াও কনটেইনারে শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি ও ইলেকট্রনিকস-সামগ্রী আসছে।