রাজনৈতিক অস্থিরতার মধ্যেও পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অনিশ্চয়তায় দেশীয় বিনিয়োগকারীরা যখন শেয়ারবাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, তখন এখানে বিদেশি বিনিয়োগ আসছে।
সদ্যসমাপ্ত অক্টোবর মাসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ২২৮ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, গত মাসে ডিএসইতে বিদেশি লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩০৫ কোটি টাকা। এর মধ্যে ক্রয় আদেশ ছিল প্রায় ২৬৭ কোটি টাকার, তার বিপরীতে বিক্রয় আদেশ ছিল ৩৮ কোটি ৪৯ লাখ টাকার। সেই হিসাবে প্রকৃত বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২৮ কোটি টাকা।
এর আগে গত সেপ্টেম্বরে ডিএসইতে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ৮৫ কোটি টাকা। ওই মাসে ঢাকার বাজারে লেনদেন হওয়া বিদেশি অর্থের পরিমাণ ছিল ২৫০ কোটি টাকা। এর মধ্যে বিদেশিরা ১৬৮ কোটি টাকার ক্রয় আদেশ দেন, তার বিপরীতে বিক্রয় আদেশ ছিল প্রায় ৮৩ কোটি টাকার। সেই হিসাবে মাস শেষে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৮৫ কোটি টাকা।
জানতে চাইলে কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, ‘অক্টোবরে শেয়ারবাজারে যে পরিমাণ বিদেশি বিনিয়োগ হয়েছে, সেটি টাকার অঙ্কে ও বাজারের বর্তমান বাস্তবতায় বেশি মনে হচ্ছে। তবে বিদেশিদের জন্য এটি খুবই নগণ্য। মূলত ছোট ছোট বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে এই অর্থ এসেছে। বিদেশি বিনিয়োগকারীদের মধ্যেও একটি অংশ আছে যাঁরা স্বল্প সময়ের লাভের আশায় বিনিয়োগ করে থাকেন।’
মাশরিব জাহিদ আরও বলেন, দেশে রাজনৈতিক অনিশ্চয়তা চলছে। আগেও এমনটি হয়েছে। তাই বিদেশিদের একটি অংশ হয়তো মনে করছে এই অনিশ্চয়তা একটি পর্যায়ে এসে কেটে যাবে। আর তখন বাজার আবার তাঁর স্বাভাবিক রূপ পাবে। তাই রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিদেশিদের একটি অংশ বিনিয়োগে এগিয়ে এসেছে।