
চলতি অর্থবছরের রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার পরও দেশের স্থলবন্দরগুলো থেকে মোট আয় বেড়েছে। তবে বেনাপোল, আখাউড়া, বিবিরবাজার ও বাংলাবান্ধার আয় কমেছে।
বর্তমানে কাগজে-কলমে ২১টি স্থলবন্দর থাকলেও মূলত নয়টি স্থলবন্দর কার্যকরভাবে পরিচালিত হয়। স্থলবন্দরগুলো হলো বেনাপোল, ভোমরা, বুড়িমারী, আখাউড়া, টেকনাফ, সোনামসজিদ, হিলি, বিবিরবাজার ও বাংলাবান্ধা। বাকিগুলো শুল্ক স্টেশনের মতো পরিচালিত হচ্ছে।
বেনাপোল স্থলবন্দরে প্রবেশ মাশুল, যানবাহন অবস্থান মাশুল, ওজন মাশুল, টার্মিনাল মাশুল, সেবা মাশুলসহ ২৯ ধরনের সেবার বিনিময়ে মাশুল নেওয়া হয়। অন্য স্থলবন্দরে ১০ ধরনের সেবা প্রদান করা হয়। সেবার বিনিময়েই স্থলবন্দর কর্তৃপক্ষ আয় করে থাকে। তবে সব আমদানি বা রপ্তানিকারকের স্থলবন্দর ব্যবহার বাধ্যতামূলক নয়।
বেনাপোল, আখাউড়া, বুড়িমারী ও ভোমরা—এই চারটি পরিচালনা করে থাকে স্থলবন্দর কর্তৃপক্ষ নিজেই। আর সোনামসজিদ, হিলি, বাংলাবান্ধা, বিবিরবাজার ও টেকনাফ—এই পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে পরিচালনা করা হয়।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলতি ২০১৪–১৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) নয়টি স্থলবন্দর থেকে ৩৬ কোটি ৯৭ লাখ টাকা আয় হয়েছে। গত বছর একই সময়ে আয় হয়েছিল ২৭ কোটি ৮১ লাখ টাকা।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোয়েজ্জুদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, আগের চেয়ে অনেক বেশি সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাই এসব স্থলবন্দর থেকে আয় বেড়েছে। দুর্নীতি অনেক কমেছে। তিনি আরও জানান, রাজনৈতিক অস্থিরতায় ভারত থেকে আমদানি কমে যাওয়ায় আখাউড়া স্থলবন্দর থেকে আয় কমেছে।
তবে দেশের অন্যতম স্থলবন্দর বেনাপোলে আয় কমেছে। এই স্থলবন্দরে জুলাই-মার্চ সময়ে আয় হয়েছে ২০ কোটি ৪ লাখ টাকা, যা আগের বছর একই সময়ের তুলনায় প্রায় ৫০ লাখ টাকা কম।
প্রতিবছর স্থলবন্দর থেকে যে পরিমাণ আয় হয়, এর ৭০ শতাংশ আসে বেনাপোল স্থলবন্দর থেকে। গত অর্থবছরে এই স্থলবন্দরটি ২৮ কোটি ৩০ লাখ টাকা আয় করেছিল।
দেশের একমাত্র রপ্তানিমুখী স্থলবন্দর আখাউড়ার অবস্থা আয়ের দিক থেকে সবচেয়ে খারাপ। গত বছর যেখানে প্রথম নয় মাসে ১৯ লাখ ১২ হাজার টাকা আয় হয়েছিল। এবার এই স্থলবন্দরে মাত্র ১০ লাখ ১২ হাজার টাকা আয় হয়েছে।
তবে বিবিরবাজার স্থলবন্দরটি পরিচালনা করে বেসরকারি প্রতিষ্ঠান শেফার্ড ল্যান্ডপোর্ট লিমিটেড। এই স্থলবন্দরে অবকাঠামো উন্নয়ন না করায় আমদানি-রপ্তানিকারকেরা খুব একটা পণ্য আনা নেওয়া করে না।
চলতি বছরের প্রথম নয় মাসে এই স্থলবন্দর থেকে আয় মাত্র ২৮ হাজার টাকা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ৭০ হাজার টাকা। আলোচ্য সময়ে আয় কমেছে প্রায় ৬০ শতাংশ।
বাংলাবান্ধা স্থলবন্দরটি পরিচালনা করে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেড। গত নভেম্বর মাসের পর থেকে এই স্থলবন্দর থেকে আর আয় হয়নি। সেসময় পর্যন্ত চার লাখ ৪৮ হাজার টাকা আয় হয়েছিল। গত অর্থবছরে এই স্থলবন্দর থেকে মোট পাঁচ লাখ ৩৮ হাজার টাকা আয় হয়েছিল।
বিগত অর্থবছরের শুরু থেকেই রাজনৈতিক অস্থিরতায় বেনাপোল ছাড়া অন্য স্থলবন্দরগুলোর কার্যক্রম ব্যাপকভাবে বিঘ্নিত হয়। হরতাল-অবরোধে গত নভেম্বর ও ডিসেম্বর মাসে এসব স্থলবন্দরে কার্যক্রম প্রায় বন্ধ রাখতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ।
পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে বেসরকারি অপারেটরদের মাধ্যমে টেকনাফ, সোনামসজিদ, হিলি, বিবিরবাজার ও বাংলাবান্ধা স্থলবন্দর পরিচালিত হয়। ২৫ বছরের জন্য বিল্ড, অপারেট ও ওন (বিল্ড) এই পদ্ধতিতে এসব বেসরকারি প্রতিষ্ঠানকে স্থলবন্দরগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে। এ জন্য মোট আয়ের ৫১ শতাংশ অপারেটর প্রতিষ্ঠান নিজে রেখে দেয়। বাকি ৪৯ শতাংশ স্থলবন্দর কর্তৃপক্ষকে দিতে হয়।
স্থলবন্দর কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, এত অল্প আয় দিয়ে এসব বেসরকারি অপারেটর কোনোভাবে ব্যবসায়িকভাবে সফল হতে পারে না। বিশাল বিনিয়োগ করেও আমদানি-রপ্তানিকারক আকৃষ্ট করা যাচ্ছে না।
অভিযোগ রয়েছে, স্থলবন্দরের সুবিধা ব্যবহার করেও অনেক সময় আমদানি-রপ্তানিকারকের মাশুলের অর্থ হিসাবে আনা হয় না। এসব অর্থ অপারেটর নানা কৌশলে নিজের কোষাগারে রেখে দেয়। ফলে স্থলবন্দর কর্তৃপক্ষ প্রকৃত আয় থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু বেসরকারি অপারেটর এভাবেই তার নিজস্ব আয় বাড়িয়ে থাকে।
এদিকে কার্যকর স্থলবন্দর ও শুল্কস্টেশনগুলো চালু রেখে বাকিগুলো বিলুপ্ত করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড৷ (এনবিআর) এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা রয়েছে৷
গত বছর অক্টোবর মাসে বাংলাদেশের প্রধান বাণিজ্য দেশ ভারত ও বাংলাদেশের যৌথ শুল্ক দলের সভায় ১৬টি স্থলবন্দর ও শুল্কস্টেশন দিয়ে নিয়মিত পণ্য আনা-নেওয়ার প্রবাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷
এ লক্ষ্যে এসব বন্দর ও শুল্কস্টেশন দিয়ে আমদানি-রপ্তানির পণ্যতালিকা পুনর্বিন্যাস করা হচ্ছে৷ এসব শুল্কস্টেশন দিয়ে পণ্যপ্রবাহ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান৷