রাজনৈতিক অস্থিরতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানিতে ধস
দেশে রাজনৈতিক অস্থিরতা আর হরতাল-অবরোধের কারণে আখাউড়া স্থলবন্দরে রপ্তানি কার্যক্রমে ধস নেমেছে। টানা কয়েক মাসের হরতাল আর অবরোধে দেশের একমাত্র রপ্তানিনির্ভর স্থলবন্দর আখাউড়া দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচলে খুব একটা পণ্য যায়নি।
এ রকম অবস্থায় বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতের এই অঞ্চলের বাজার হারানোর আশঙ্কা করছেন। ইতিমধ্যে বিভিন্ন পণ্যের জন্য ত্রিপুরার ব্যবসায়ীরা আসামসহ ভারতের অন্য রাজ্যগুলোর দিকে ঝুঁকতে শুরু করেছেন।
উল্লেখ্য, দেশের প্রধান স্থলবন্দর বেনাপোলেও আমদানি-রপ্তানি কার্যক্রম বিঘ্নিত হয়েছে। হরতাল-অবরোধে কার্যদিবস নষ্ট হওয়ায় বিশেষ ব্যবস্থায় শুক্রবার ছুটির দিনেও বন্দর খোলা রেখে পণ্য খালাস করে পণ্যজট কমানো হয়েছে। তবে আখাউড়াসহ অন্য বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি ধরে রাখতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়নি।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ময়েজ্জুউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘হরতাল-অবরোধে স্থলবন্দর খোলা ছিল। কিন্তু পরিবহন না থাকায় আমদানি-রপ্তানিকারকেরা পণ্য খালাস করতে পারেননি। আবার রপ্তানি পণ্যবাহী ট্রাকও কম এসেছে। তাই আমদানি-রপ্তানির পরিমাণ কমেছে।’
কয়েক বছর ধরেই আখাউড়া স্থলবন্দর দিয়ে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য নিতে বেশি আগ্রহ প্রকাশ করে আসছেন ভারতের ব্যবসায়ীরা। এ কারণে রাজধানী ঢাকা থেকে সবচেয়ে নিকটবর্তী এই স্থলবন্দর ক্রমশ গুরত্বপূর্ণ হয়ে উঠছিল। ভৌগোলিক অবস্থানগত কারণে এই স্থলবন্দর দিয়ে পণ্য আগরতলায় নেওয়া সহজ হয়। এরপর সেই পণ্য ভারতের মেঘালয়, নাগাল্যান্ড ও মণিপুর রাজ্যেও নেওয়া সম্ভব। এর ফলে ভারতের এই অঞ্চলে বাংলাদেশি পণ্যের একটি নতুন বাজার তৈরি হয়েছে।
তাই কয়েক বছর ধরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ক্রমান্বয়ে রপ্তানি বাড়ছিল। কিন্তু, চলতি অর্থবছরে পুরো বিপরীত চিত্র ফুটে ওঠে। আখাউড়া স্থলবন্দরের শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, বিগত জুলাই-নভেম্বর সময়ে মাত্র ৩৫ কোটি ১৯ লাখ ৩০ হাজার ২১২ টাকার পণ্য রপ্তানি হয়েছে। আর হরতাল-অবরোধে ডিসেম্বর মাসের পুরোটা সময় স্থলবন্দরটি খোলা থাকলেও পণ্যবাহী ট্রাক না আসায় কোনো কাজ হয়নি। রপ্তানি হয়নি বললেই চলে।
তবে ২০১১-১২ অর্থবছরে প্রায় ২০৩ কোটি ৩৭ লাখ ২৭ হাজার ১৫৫ টাকার বিভিন্ন পণ্য রপ্তানি হয়েছিল। এর পরের বছর, অর্থাৎ ২০১২-১৩ অর্থবছরে রপ্তানি আয়ের পরিমাণ সোয়া এক শ কোটি টাকা বেড়ে যায়। এ বছর রপ্তানি আয় হয় ৩২৭ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা।
এটিই বাংলাদেশের একমাত্র স্থলবন্দর, যে পথে শুধু রপ্তানি হয়। ত্রিপুরার বাজারে সিংহভাগ সিমেন্ট ও পাথরের চাহিদা মেটানো হয় বাংলাদেশি সিমেন্ট ও পাথর দিয়ে। এছাড়া প্লাস্টিকসামগ্রী, চিটাগুড়, শুঁটকি, কাচ, কৃষি সরঞ্জাম, পাট ও পাটজাত পণ্যসহ প্রায় অর্ধশত ধরনের পণ্য রপ্তানি হয়।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি রাজীব ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বাজার পুনরুদ্ধার করতে এখন যতটা কঠিন সময় পার করতে হচ্ছে, হরতাল-অবরোধের সময়ও এতটা শঙ্কা ছিল না।
বাজার ধরে রাখতে গত এক মাসে আখাউড়ার স্থানীয় ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধিরা একাধিকবার আগরতলায় গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন।
আগরতলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিষ বিশ্বাসের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ত্রিপুরার ব্যবসায়ীরা অনেক কষ্ট করে ত্রিপুরায় বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টি করেছেন। কিন্তু আখাউড়ার ব্যবসায়ীরা চাহিদামতো পণ্য দিতে পারেননি। ব্যবসা টিকিয়ে রাখতে বাধ্য হয়েই তাঁরা নতুন বাজার থেকে পণ্য আনছেন। সেখান থেকে ফিরে আসতেও সময় লাগবে বলে জানান তিনি।