রাজনৈতিক অস্থিরতায় উদ্বেগ ব্যবসায়ী নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের মতো রাজনৈতিক কর্মসূচি বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ। তিনি বলেছেন, ‘রাজনৈতিক অস্থিরতা ব্যবসা-বাণিজ্যের অগ্রগতিকে ব্যাহত করে।’আজাদ আরও বলেছেন, আগামী দিনগুলোয় রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ বাদ দিয়ে মিয়ানমারের মতো অন্য দেশে বিনিয়োগের কথা ভাবছে। রাজধানীর একটি হোটেলে গতকাল সকালে ২০১০ সালে রপ্তানি বাড়ানো ও বাণিজ্যে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের ৮৭ জন ব্যবসায়ীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) কার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কে আজাদ এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এই কার্ড দিয়েছে।সিআইপি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের অবশ্য বলেন, রাজনৈতিক সমস্যা ব্যবসা-বাণিজ্যে খুব একটা ক্ষতি করে না। বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ব্যবসার ক্ষতি করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে সমপ্রসারণে বিলম্ব প্রসঙ্গে বলতে গিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি হচ্ছে এই দেশের প্রধান সমস্যা।’সিআইপি (রপ্তানি) নির্বাচনসংক্রান্ত কমিটির প্রধান মনোজ কুমার রায় বলেন, নিয়ম অনুযায়ী, ১৬৫ জনের সিআইপি কার্ড পাওয়ার কথা। কিন্তু কিছু সমস্যার কারণে যথাসময়ে এই কার্ড হস্তান্তর করা যায়নি বলে মন্তব্য করেন তিনি।ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কাশেম, ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশিষ বোস, এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে জানানো হয়, দেশের ১৫টি রপ্তানি খাত থেকে রপ্তানি ক্যাটাগরিতে ৫১ জনকে সিআইপি কার্ড দেওয়া হয়। অন্যদিকে, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ৩৫ জন ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) একজনকে এই কার্ড দেওয়া হয়েছে।রপ্তানি বিভাগে মূলত কাঁচা পাট, চামড়া ও চামড়াজাত পণ্য, তৈরি পোশাক (ওভেন ও নিট), হিমায়িত খাদ্য, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ওষুধ, হস্তশিল্প, প্লাস্টিক ও অন্য কয়েকটি খাত থেকে সিআইপি কার্ড দেওয়া হয়।সিআইপিরা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশ, জাতীয় অনুষ্ঠান ও নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ, ব্যবসাসংক্রান্ত ভ্রমণে বিমান, রেলপথ, সড়কপথ ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণ ও বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।