রাজনৈতিক অস্থিরতায় বাটেক্সপো সফল হয়নি: বিজিএমইএ
সবচেয়ে বড় পোশাক প্রদর্শনী বাটেক্সপো এবার সফল হয়নি। গতবারের তুলনায় এবার তাৎক্ষণিক কার্যাদেশ কমেছে প্রায় ৪৬ লাখ ৮০ হাজার ডলার। আর এ জন্য রাজনৈতিক অস্থিরতাকেই দুষছে বাটেক্সপোর আয়োজক বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।তবে গত মাসে আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক পোশাকশ্রমিক নিহত হওয়ার ঘটনাও এবারের মেলা সফল না হওয়ার অন্যতম মনে করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিজিএমইএ অবশ্য বিষয়টিকে এড়িয়ে বলছে, রাজনৈতিক অস্থিরতা আর হরতালের কারণে এবারের মেলা পুরোপুরি সফল হয়নি।রাজধানীতে নিজস্ব ভবনে আয়োজিত বিজিএমইএর সংবাদ সম্মেলনে গতকাল সোমবার এসব কথা বলেন সমিতির সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, পরিচালক মো. আতিকুল ইসলাম প্রমুখ।প্রসঙ্গত, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত ১২ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী বাটেক্সপো-২০১২ শুরু হয়। ২৩তম এই বাটেক্সপোতে ১৩৮টি স্টল ছিল।সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর মেলায় মোট তাৎক্ষণিক কার্যাদেশের পরিমাণ ছিল প্রায় ছয় কোটি ৬৩ লাখ ডলার। এর মধ্যে তাৎক্ষণিক নতুন কার্যাদেশ ছয় কোটি ৪৭ লাখ এবং স্টকলটের স্পট কার্যাদেশ ১৫ লাখ ডলার। আর এবারের মেলায় মোট ছয় কোটি ১৬ লাখ ডলারের তাৎক্ষণিক কার্যাদেশের মধ্যে নতুন কার্যাদেশ ছয় কোটি ডলার। বাকিটা স্টকলটের। সেই হিসাবে তাৎক্ষণিক কার্যাদেশ কমেছে প্রায় ৪৬ লাখ ৮০ হাজার ডলার।তাৎক্ষণিক কার্যাদেশের মতো এবারের বাটেক্সপোতে ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা কম হয়েছে। গতবার ক্রেতা ১৭৫ ও ক্রেতা প্রতিনিধি তিন হাজার ১৫ জন মেলায় আসেন। এবার সেই সংখ্যা কমে হয়েছে যথাক্রমে ১৫৯ ও দুই হাজার ৮৪৬ জন। এ ছাড়া আগের বছরের বাটেক্সপোতে মোট দর্শনার্থী এসেছিলেন ১৫ হাজার ৬৯০ জন। এবার দর্শনার্থী এসেছেন ১৩ হাজার ১৮০ জন।বিজিএমইএ সভাপতি বলেন, তাজরীনের হতাহত পোশাকশ্রমিকদের শ্রদ্ধা জানাতে এবার সাদা-কালোর আদলে সাজানো হয়। তাই সার্বিকভাবে এবারের আয়োজনের মূল্যায়ন অন্যবারের তুলনায় ভিন্ন হবে।সফিউল ইসলাম আরও বলেন, ‘আমরা একেবারে আশাহত হইনি। নতুন বাজারের অনুসন্ধানের দিক থেকে এবারের মেলা সার্থক। কারণ মেলায় নতুন বাজারের ৯০ জন ক্রেতা এসেছেন। এর মধ্যে অধিকাংশই চীন ও জাপানের। এ ছাড়া নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, কানাডা ও লাতিন আমেরিকা থেকে ৯০ জন ক্রেতা এসেছেন।সফিউল বলেন, ‘বিদেশি ক্রেতারা আমাদের তৈরি পোশাক নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তবে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।’ তিনি আরও বলেন, বাটেক্সপোর দ্বিতীয় দিন অর্ধবেলা হরতাল ছিল। আর দেশে হানাহানি হলে বিদেশিরা ঘর থেকে বের হন না। বিজিএমইএ সভাপতি আরও বলেন, গত অর্থবছর পোশাক খাতের রপ্তানি আয় হয়েছিল এক হাজার ৯১০ কোটি ডলার। আর চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা দুই হাজার ৫০ কোটি ডলার। নীতিগত সহায়তা পেলে ও অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে পারলে ২০১৫ সালে এই খাতের আয় তিন হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়া অসম্ভব হবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সভাপতি বলেন, ‘তাজরীনের চেয়েও অনেক খারাপ অবস্থার পোশাক কারখানা আছে। তবে কমপ্লায়েন্স বা কর্মপরিবেশের শর্ত না মানলে তৈরি পোশাক কারখানার লাইসেন্স বাতিল করা হবে। শর্ত পূরণে কারখানা মালিকদের সময় দেওয়া হবে। এ জন্য শিগগিরই বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হবে।’