আলোচনায় নতুন মুদ্রানীতি: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সক্রিয়তা থাকবে
রাজনৈতিক অস্থিরতায় বাড়তি ঋণের চাহিদা নিয়ে সংশয়
ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণপ্রবাহ সাড়ে ১৮ শতাংশ অর্জনে শঙ্কা রয়েছে। চলতি বছরের রাজনৈতিক অস্থিরতা, অবকাঠামো সংকটসহ নানা কারণে বেসরকারি খাতের উদ্যোক্তারা বিনিয়োগে উৎসাহিত হবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ফিন এক্সেল আয়োজিত মুদ্রানীতির ওপর এক আলোচনা সভায় গতকাল শনিবার বক্তারা এসব কথা বলেন। এতে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম, সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসানুল হক, সিনিয়র ব্যাংকার কে এ এম মাজেদুর রহমান প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ফিন এক্সেলের ভাইস চেয়ারম্যান মামুন রশিদ। সদ্য ঘোষিত মুদ্রানীতি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাসান জামান। মির্জ্জা আজিজ বলেন, বেসরকারি খাতে ঋণপ্রবাহে প্রবৃদ্ধি সাড়ে ১৮ শতাংশ অর্জনে চাহিদা থাকবে কি না সন্দেহ রয়েছে। কেননা ঋণের উচ্চ সুদ, সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি, অবকাঠামো দুর্বলতাসহ নানা কারণে উদ্যোক্তারা ঋণ নিতে উৎসাহী হবেন না। তিনি আরও বলেন, নতুন ব্যাংক এলে আমানত সংগ্রহের প্রতিযোগিতা হবে। এতে আমানতে সুদের হার বাড়বে, ফলে ঋণের সুদের হার বাড়বে। সালেহউদ্দিন আহমেদ বলেন, শুধু তথ্য-উপাত্ত দিয়ে মুদ্রানীতি প্রণয়ন করলে কাজ হবে না। সমাজে এর কী প্রভাব পড়ছে, সেটাই বড় কথা। নতুন মুদ্রানীতিতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ওপর বেশি চাপ পড়বে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক ব্যাংক রয়েছে যারা এসএমই ঋণ না দিয়ে অন্য খাতে ঋণ দিয়ে বলছে, এসএমই খাতে ঋণ গেছে। তাই নজরদারি আরও বাড়াতে হবে।’ রাজনৈতিক প্রভাবকে ইঙ্গিত করে সালেহউদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংকের ওপর ‘বাইরের’ চাপ কমাতে হবে। তবে গঠনমূলক চাপ থাকলে ভালো। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দুর্বল অবকাঠামো পরিস্থিতিতে নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণপ্রবাহের লক্ষ্যে বার্তাটি সঠিক নয়। রাজনৈতিক অস্থিরতা রয়েছে। এমন পরিস্থিতিতে মনে হচ্ছে, ঋণ নেওয়ার মধ্য দিয়ে কাউকে সুযোগ-সুবিধা দেওয়া হবে। ভালো বিনিয়োগকারীরা এমন পরিস্থিতিতে কেন ঋণ নেবে?মূল প্রবন্ধে হাসান জামান বলেন, চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ০৯ শতাংশ থেকে তা ৬ দশমিক ৩৬ শতাংশের মধ্যে থাকবে। তবে ২০১৩ সালেও খাদ্যমূল্য পরিস্থিতি অস্থির থাকবে। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি সক্রিয় রাখতে হবে। তবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও প্রবাহ বাড়ায় তা খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির জন্য কিছুটা ঝুঁকি তৈরি করতে পারে।