রাজনৈতিক অস্থিরতায় ৫০ কোটি ডলারের কার্যাদেশ চলে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় পোশাকশিল্পের প্রায় ৫০ কোটি ডলারের রপ্তানি আদেশ প্রতিবেশী দেশে চলে গেছে। হরতাল আর সহিংসতায় এমন অবস্থা হয়েছে যে, তৈরি পোশাকশিল্পের কার্যাদেশ দিন দিন কমছে। এমনটাই দাবি করে দেশের অর্থনীতির স্বার্থে হরতাল ও অবরোধ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করেছে পোশাকমালিকদের দুই সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার রাজনৈতিক দলগুলোর প্রতি এই অনুরোধ জানায় সংগঠন দুটি। প্রসঙ্গত, আজ মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ডাক দিয়েছে ১৮-দলীয় জোট। হরতালে উদ্বেগ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, পোশাকশিল্পের বিদেশি ক্রেতারা প্রতিবছর কার্যাদেশ দিতে এ দেশে তাঁদের প্রতিনিধি পাঠান। তবে এবারের গ্রীষ্ম মৌসুম সামনে রেখে তাঁরা প্রতিনিধি পাঠাতে অনাগ্রহ দেখাচ্ছেন। ‘নিরাপত্তাজনিত’ কারণ দেখিয়ে এখন কার্যাদেশ নেওয়ার জন্য বাংলাদেশি সরবরাহকারীদের তাঁদের প্রধান কার্যালয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। এতে আরও বলা হয়, গত বুধবার রাশিয়া থেকে পোশাকশিল্পের কয়েকজন ক্রেতা ঢাকায় আসেন। ওই সময় ১৮-দলীয় জোটের টানা দুই দিনের হরতাল চলছিল। নিরাপত্তাহীনতার কারণে বিমানবন্দর থেকেই দেশে ফিরে যান তাঁরা। বিজিএমইএ ও বিকেএমইএ জানায়, একের পর এক হরতালের কারণে পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ জন্য নির্দিষ্ট সময়ে তৈরি পোশাকভর্তি কনটেইনার জাহাজীকরণ সম্ভব হচ্ছে না। অনেক উদ্যোক্তাই লিড টাইম মোকাবিলায় অতিরিক্ত অর্থ ব্যয় করে আকাশপথে পণ্য রপ্তানি করতে বাধ্য হচ্ছেন।এ ছাড়া কয়েকজন উদ্যোক্তা ইতিমধ্যেই স্টকলট পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। আবার অনেক প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল ও স্থগিত পর্যন্ত হয়েছে। এতে রপ্তানিমুখী পোশাক খাতের ওপর বিরূপ প্রভাব পড়ছে।এদিকে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন আজকের হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শেখ কবির হোসেন বলেন, হরতাল ও সহিংসতায় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। তা ছাড়া পরিকল্পিত এই হরতালে দেশি-বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হবে।