রাজনৈতিক আতঙ্কে দুই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা এই কর্মসূচি ও তার বিপরীতে সরকারের কঠোর অবস্থান ঘিরে দেশজুড়ে চরম আতঙ্কের প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারে।
এই প্রভাবে গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীর উপস্থিতিও ছিল অনেক কম।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রোকারেজ হাউস মালিক ও বিনিয়োগকারীদের একটি বড় অংশই রোববার সশরীরে অনুপস্থিত ছিল। যেসব বিনিয়োগকারী উপস্থিত ছিলেন, তাঁদের অনেকেই রাজনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে সময় কাটান। অনেক ব্রোকারেজ হাউসে দেখা গেছে, শেয়ারবাজারের খোঁজখবরের চেয়ে টিভি পর্দায় রাজনৈতিক খবরাখবর দেখতেই বেশি আগ্রহী ছিলেন বিনিয়োগকারীরা।
সব মিলিয়ে গতকাল ঢাকার বাজারে শেয়ারের লেনদেন প্রায় দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ২৬৪ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১০৪ কোটি টাকা কম। এর আগে সর্বশেষ ২৭ অক্টোবর ডিএসইতে সর্বনিম্ন ২৫০ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অবশ্য লেনদেন কমলেও ঢাকার বাজারে এদিন লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। দিন শেষে ডিএসইতে ২৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২৭টিরই দাম বেড়েছে, কমেছে ১২৪টির আর অপরিবর্তিত ছিল ২৯টির দাম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ২১০ পয়েন্টে। যদিও লেনদেনের শুরুটা হয়েছিল সূচকের পতন দিয়ে। পরে তা আস্তে আস্তে বাড়তে থাকে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে যে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছিল, বাস্তবে সেটি না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা যায়। এর ফলে দুপুরের পর থেকে সূচকে ইতিবাচক প্রভাব দেখা গেছে।
চট্টগ্রামের বাজারে গতকাল ৩৫ কোটি টাকার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে তিন কোটি টাকা কম। এদিন সিএসইতে ২০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১১৫টিরই দাম কমেছে, বেড়েছে ৬৫টির আর অপরিবর্তিত ছিল ২৫টির দাম। দিন শেষে সার্বিক সূচক চার পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৬ পয়েন্টে।
এদিকে আগামী ১৫ ফেব্রুয়ারি স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ বা ডিমিউচুয়ালাইজেশন-পরবর্তী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শেয়ারধারী পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনের এই তারিখ নির্ধারণ করেছে সিএসই কর্তৃপক্ষ। তবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারধারী পরিচালক নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন প্রথম আলোকে বলেন, শেয়ারধারী পরিচালক নির্বাচনের পাশাপাশি স্বতন্ত্র পরিচালক বাছাইয়ের কাজও চলছে। ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী, শিগগিরই স্বতন্ত্র ১৪ পরিচালকের নাম নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া হবে।
ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী, স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ হবে ১৩ সদস্যের। এর মধ্যে সভাপতিসহ সাতজন হবেন স্বতন্ত্র পরিচালক। শেয়ারধারীদের মধ্য থেকে পরিচালক হতে পারবেন সর্বোচ্চ পাঁচজন। শেয়ারধারী এই পাঁচ পরিচালকের মধ্যে ন্যূনতম একজন হবেন কৌশলগত (স্ট্র্যাটেজিক) বিনিয়োগকারী। সেই হিসেবে ডিএসইর বিদ্যমান শেয়ারধারী বা সদস্যদের মধ্য থেকে সর্বোচ্চ চারজন পরিচালক হওয়ার সুযোগ পাবেন।
এদিকে ডিমিউচুয়ালাইজেশন আইনের বাধ্যবাধ্যকতা অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে দুই স্টক এক্সচেঞ্জের শেয়ারধারী সদস্যদের মধ্য থেকে চারজন পরিচালক নির্বাচিত করতে হবে।
ডিএসই-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, খুব শিগগির পরিচালক নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।