
২০১৩-১৪ অর্থবছরের বাজেট নিয়ে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হেলাল
প্রথম আলো: এবারের বাজেট উচ্চাভিলাষী বলছেন কেউ কেউ। আপনি কীভাবে দেখছেন?
মোহাম্মদ হেলাল: আমরা যদি সম্পদ আহরণের সক্ষমতার দিক থেকে বিবেচনা করি, তাহলে হয়তো উচ্চাভিলাষী বলা যেতে পারে। কাজেই বেসরকারি বিনিয়োগ ও সরকারি ব্যয় বাড়াতে হবে। তবে সম্পদ থাকলেও বিনিয়োগের কিছু প্রতিবন্ধকতার কারণে আগামী অর্থবছরের ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির যে হার নির্ধারণ করা হয়েছে, তা অর্জন করা সম্ভব নাও হতে পারে। জ্বালানি অবকাঠামোগত প্রতিবন্ধকতা স্বল্প মেয়াদে অপসারণ করা যাবে না। তবে আর্থিক প্রতিবন্ধকতার বিষয়টি মুদ্রানীতি খানিকটা শিথিল করে কমানো সম্ভব। অর্থাৎ সুদের হার কমাতে হবে। আর রাজনৈতিক অস্থিরতাও একটা প্রতিবন্ধকতা হিসেবে রয়ে যাচ্ছে।
প্রথম আলো: কিন্তু বড় বাজেট ঘাটতি যে অর্থনীতির ওপর চাপ তৈরি করবে, সেটাও তো ঠিক?
মোহাম্মদ হেলাল: আপাতত সেটা বলা যেতে পারে। তবে অর্থমন্ত্রী নিজে হয়তো মনে করেন যে তিনি যেসব ব্যয়ের পরিকল্পনা করেছেন, তার কিছু কিছু ব্যয় হবে না। সেই ব্যয় না হওয়ার মানে হলো রাজস্ব আয়ও আর অত বাড়ানোর প্রয়োজন হবে না। কাজেই প্রকৃত ঘাটতি কোথায় গিয়ে দাঁড়াবে তা অর্থবছরের মাঝামাঝি গেলে বোঝা যাবে।
প্রথম আলো: তাহলে বাজেটের অর্থায়নে দুর্বলতার জায়গাটা কোথায়?
মোহাম্মদ হেলাল: কয়েকটি জায়গা রয়েছে। যেমন মূল্য সংযোজন কর বা মূসকের লক্ষ্যমাত্রা ৪০ হাজার কোটি টাকা থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকা করা হয়েছে। অথচ অর্থনীতিতে বিনিয়োগ শ্লথ হয়ে গেছে, যার প্রভাবে প্রবৃদ্ধি কমেছে। প্রবৃদ্ধি কমে যাওয়া মানে মূল্য সংযোজনকারী কর্মকাণ্ডও সংকুচিত হওয়া। আগামীবারও যদি এই প্রবণতা বজায় থাকে, তাহলে তো মূল্য সংযোজন কর লক্ষ্যমাত্রা অনুসারে আদায় হবে না।
প্রথম আলো: কালোটাকা সাদা করার সুযোগ নিয়ে বিতর্ক হচ্ছে। এই সুযোগ দেওয়া কতটা যৌক্তিক ছিল?
মোহাম্মদ হেলাল: এ ধরনের সুযোগ অব্যাহত রাখার মানে হলো করদাতাকে এই ধারণা দেওয়া যে তাঁর জন্য কর পরিশোধের দুটো সুযোগ আছে। হয় প্রতিবছর নিয়মিত কর পরিশোধ করতে হবে অথবা প্রদেয় কর ব্যাংকে রেখে কয়েক বছর পর ১০ শতাংশ জরিমানা দিয়ে নিয়মিত করা হবে। আজকে এক লাখ টাকা আর পাঁচ বছর পর এক লাখ টাকা তো সমান নয়। যাদের আয়-উপার্জন অনেক বেশি, তাঁদের জন্য দ্বিতীয় সুযোগটিই বেশি আকর্ষণীয় বিবেচিত হবে। কিন্তু একটি রাষ্ট্র নীতিগতভাবে এটা করতে পারে না। এটা অনৈতিক ও অযৌক্তিক।
প্রথম আলো: বাজেটে শুল্ককাঠামোর কিছুটা পুনর্বিন্যাস করা হয়েছে। এর প্রভাবে একদিকে আমদানি বাড়বে, অন্যদিকে স্থানীয় শিল্প কিছু সুবিধা পাবে। এটা কতটা ইতিবাচক?
মোহাম্মদ হেলাল: মূলধনি যন্ত্রপাতি ও মধ্যবর্তী পণ্যের শুল্ক হার কমানো হয়েছে। আমদানি কমে যাওয়ার জন্য তো এসব পণ্যের শুল্ক হার কোনো বাধা তৈরি করেনি। বরং কুইক রেন্টাল বিদু্যুৎকেন্দ্রের জন্য লেনদেনের ভারসাম্যের ওপর যে চাপ তৈরি হয়, তা সামাল দিতে মুদ্রানীতি নিয়ন্ত্রণমূলক করা হয়েছিল। এর প্রভাবে আমদানি কমে গেছে। আবার রাজনৈতিক অস্থিরতা এবং জ্বালানি ও অবকাঠামোগত সমস্যায় শিল্প খাতে বিনিয়োগ শ্লথ হয়ে পড়েছে। সুতরাং, শুল্কস্তর কমানোর মাধ্যমে আমদানি বাড়বে বলে মনে হয় না। তবে এটা স্থানীয় শিল্পকে কিছুটা সুবিধা দিতে পারে।
প্রথম আলো: বাজেট ঘাটতি অর্থায়ন সাধারণ মানুষকে কীভাবে প্রভাবিত করে?
মোহাম্মদ হেলাল: বিদেশ থেকে কম সুদে ঋণ নেওয়ার সুযোগ আছে। তবে স্বচ্ছতার জন্য এই ঋণ প্রক্রিয়া করে আনা কঠিন। তাই ব্যাংক তথা অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিতেই সরকার বেশি আগ্রহী। আর বাজেটে অভ্যন্তরীণ সুদের জন্য যে পরিমাণ অর্থ পরিশোধ করতে হচ্ছে, তার চেয়ে অনেক কম যায় বিদেশ ঋণের জন্য। সরকার যেহেতু অভ্যন্তরীণ উৎস থেকেই বেশি ঋণ নেয়, তাই সুদের হার যেন কম থাকে সে চেষ্টা থাকে। একইভাবে সঞ্চয়পত্রের মুনাফার হারও কমিয়ে রাখার চেষ্টা হয়। এতে করে সাধারণ আমানতকারীরা বঞ্চিত হচ্ছেন।
প্রথম আলো: এককথায় বাজেটকে কীভাবে মূল্যায়ন করবেন?
মোহাম্মদ হেলাল: বাজেট স্বল্পমেয়াদি পদক্ষেপ হলেও মধ্য ও দীর্ঘমেয়াদি উদ্দেশ্যের সঙ্গে যতটা সমন্বয় থাকা দরকার, তা নেই। বরং, রাজনৈতিক উদ্দেশ্য দিয়ে অনেক বেশি প্রভাবিত।
[সাক্ষাৎকার নিয়েছেন
আসজাদুল কিবরিয়া]