রাজনৈতিক উৎকণ্ঠার মধ্যেও সূচক ঊর্ধ্বমুখী
প্রধান বিরোধী দল বিএনপির ডাকা মহাসমাবেশকে ঘিরে চরম উৎকণ্ঠায় দেশবাসী। গতকাল সোমবার মহাসমাবেশের দিনে সকাল থেকে রাজধানীর সড়কগুলো ছিল প্রায় গণপরিবহনশূন্য। রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে এত উদ্বেগ-উৎকণ্ঠা আর ভোগান্তির মধ্যেও এদিন শেয়ার বাজারে স্বাভাবিক লেনদেন হয়। এদিন দুই শেয়ারবাজারেই মূল্যসূচক আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। তবে ঢাকার বাজারে লেনদেন খানিকটা বাড়লেও চট্টগ্রামে কমেছে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৩৫০ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ৮৭ পয়েন্ট বেড়ে আবারও সাড়ে ১২ হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে।যোগাযোগ করা হলে বেসরকারি ইউনাইটেড ইউনিভার্সিটির বিজনেস স্কুলের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘বিএনপির ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে বাজারে যাতে বড় ধরনের দরপতনের কোনো ঘটনা না ঘটে, সে জন্য সরকার ও নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বেশ সতর্ক ছিল। বাজার যাতে স্বাভাবিক থাকে সে জন্য সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ অন্য দিনগুলোর চেয়ে বেশি ছিল, যার প্রভাব দিন শেষে আমরা বাজারে দেখেছি।’ মূসা আরও বলেন, রোববার ডিএসইর চারজন নতুন পরিচালক নির্বাচিত হয়েছে। আর চলতি সপ্তাহেই সংস্থাটির সভাপতিসহ নতুন নেতৃত্ব নির্বাচিত হতে যাচ্ছে। ডিএসইর নতুন সভাপতি কে হচ্ছেন তার ওপরও বাজারের আগামী দিনের গতি-প্রকৃতি কিছুটা নির্ভর করছে। নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর আগামী সপ্তাহে বাজারের গতি-প্রকৃতি কোন দিকে যাচ্ছে তার একটি ধারণা পাওয়া যাবে। মোহাম্মদ মূসা বলেন, যেহেতু বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছিল, তার জন্য ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতিও ছিল কম। এ ছাড়া শেয়ারবাজারে যাঁরা বড় অঙ্কের বিনিয়োগ করেন, তাঁরা বড় রাজনৈতিক কর্মসূচির আগে কিছুটা নিষ্ক্রিয় থাকেন। রাজনৈতিক পরিস্থিতি তাঁদের বিনিয়োগ সিদ্ধান্তকে প্রভাবিত করে থাকে। এ কারণে গত কয়েক দিনে হঠাৎ করে বাজারে লেনদেনের পরিমাণ কমে যায়। ফের রাজনৈতিক কোনো অস্থিরতা না থাকলে লেনদেনের গতি আবার বাড়বে। ঢাকার বাজারে গতকাল লেনদেনের শুরু থেকে মূল্যসূচকের কিছুটা ওঠানামা থাকলেও ব্যবধান ছিল খুবই কম। সোমবার ডিএসইর সাধারণ মূল্যসূচকের সর্বোচ্চ ও সর্বনিম্ন অবস্থানের মধ্যেকার ব্যবধান ছিল প্রায় ৬০ পয়েন্ট। ডিএসইতে গতকাল ২৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৯৫টির, কমেছে ৪২টির আর অপরিবর্তিত ছিল ১২টি কোম্পারি শেয়ারের দাম। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৪৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৫ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে গতকাল ১৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১০৭টিরই দাম বেড়েছে, কমেছে ৩৫টির আর অপরিবর্তিত ছিল ২০টি কোম্পানির শেয়ারের দাম। এই দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় তিন কোটি টাকা কম।