রাজনৈতিক কারণে চালু পণ্য বিক্রিতে সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা হার্ডবোর্ড মিলস
খুলনা হার্ডবোর্ড মিলস

রাজনৈতিক অঙ্গীকার পূরণে নির্বাচন সামনে রেখে চালু করা হয়েছে সরকারি মালিকানাধীন শিল্প-প্রতিষ্ঠান খুলনা হার্ডবোর্ড মিলস। কিন্তু মিলটি চালু করে এখন প্রায় সোয়া তিন কোটি টাকার উৎপাদিত পণ্য বাজারজাত নিয়ে মহাসংকটে পড়েছে কারখানা কর্তৃপক্ষ। পণ্যমূল্য বেড়ে যাওয়ায় বিক্রিতে আগ্রহ দেখাচ্ছেন না নির্ধারিত ডিলাররা।
জানা গেছে, ডিলাররা পণ্য নিতে রাজি না হওয়ায় এখন খোলা বাজারে বা উন্মুক্ত পদ্ধতিতে গুদামজাত এই পণ্য বিক্রির জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
কেন এমন ঘটনা ঘটেছে তার কারণ অনুসন্ধানে জানা গেছে, হার্ডবোর্ডের কাঁচামাল কাঠ ও জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। মিলটি বন্ধ হওয়ার আগে প্রতি পিস হার্ডবোর্ড ডিলারদের কাছে বিক্রি করা হতো ২৬২ টাকা। বর্তমানে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রতি পিস হার্ডবোর্ডের বিক্রয়মূল্য ঠিক করা হয়েছে ৫৪০ টাকা। প্রতি পিসের আয়তন ৩২ বর্গফুট (৮ ফুট X ৪ ফুট)।
অথচ এখন বাজারে আমদানি করা বিভিন্ন ধরনের হার্ডবোর্ড ৫০০ টাকার কমেও পাওয়া যাচ্ছে। যদিও বাজারের আমদানিকৃত ওই সব হার্ডবোর্ডের সঙ্গে এটির গুণগত অনেক পার্থক্য রয়েছে বলে মিল কর্তৃপক্ষের দাবি।
মিলের কর্মকর্তারা বলছেন, খুলনা হার্ডবোর্ড মিলের তৈরি প্রতিটি হার্ডবোর্ড সম্পূর্ণ কাঠের তৈরি। ফলে এর স্থায়িত্বও অনেক বেশি। আর বাজারে যেসব আমদানি করা হার্ডবোর্ড পাওয়া যায় সেগুলোর বেশির ভাগই কাঠের তৈরি নয়, স্থায়িত্বও অল্প।
বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইশতেহারে সরকারি বন্ধ শিল্প-কারখানা চালুর ঘোষণা দেয়। পরবর্তী সময়ে ২০১১ সালে প্রধানমন্ত্রী খুলনা সফরে এসে হার্ডবোর্ড মিলটি চালুর ঘোষণা দিয়েছিলেন। তারই অংশ হিসেবে ১০ কোটি টাকা মূলধন জোগান দিয়ে মিলটি চালুর উদ্যোগ নেয় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন বা বিসিআইসি। চলতি বছরের আগস্ট মাসে মিলটি চালু হয়। শুরু হয় উৎপাদন।
জানা গেছে, ২০০২ সালে বিএনপি সরকার খুলনার খালিশপুরে ভৈরব নদীর তীরে প্রায় ১০ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত মিলটি লে অফ ঘোষণা করে। ২০০৫ সালের সেপ্টেম্বরে সেটি আবার চালু করা হয়। এর পর থেকে জোড়াতালি দিয়ে ২০১১ সাল পর্যন্ত এটি সচল ছিল। এতে কেবল লোকসানই বেড়েছে। ২০১১ সালের জুলাই মাসে এসে অর্থ-সংকটে পড়ে এটি বন্ধ হয়ে যায়।
আগে মিল কর্তৃপক্ষ বন বিভাগের মাধ্যমে সুন্দরবন থেকে নামমাত্র মূল্যে প্রধান কাঁচামাল কাঠ সংগ্রহ করত। পাশাপাশি জ্বালানি তেল ও বিদ্যুৎ খরচও ছিল কম। এ কারণে সে সময় প্রতি পিস হার্ডবোর্ডের উৎপাদন খরচ পড়ত প্রায় ৩০০ টাকা, যা এখন বেড়ে হয়েছে ৫০০ টাকা। যদিও বাজার ধরে রাখতে ওই সময় উৎপাদন খরচের চেয়ে সামান্য কিছু কমে তা বিক্রি করা হতো।
মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী রুহুল আমীন প্রথম আলোকে বলেন, ‘সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণার কারণে বাধ্য হয়ে বাজারমূল্যের বাইরে থেকে কাঠ সংগ্রহ করতে হচ্ছে। এর ফলে উৎপাদন খরচ আগের চেয়ে বেড়ে গেছে। তাই পূর্বনির্ধারিত দামে এখন বিক্রি সম্ভব হচ্ছে না।’
মিলসংশ্লিষ্টরা বলছেন, বর্তমান বাস্তবতায় মিলটি আধুনিকায়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও উৎপাদন খরচ কমানোর উদ্যোগ নেওয়া না হলে এটি চালু রাখা কষ্টসাধ্য হয়ে পড়বে। বর্তমান ব্যবস্থায় এটি চালু রাখা হলে তাতে সরকারের লোকসানই বাড়বে বলে মনে করছে স্থানীয় লোকজন।
মিলের কর্মকর্তা-কর্মচারীদের ধারণা, প্রায় সোয়া তিন কোটি টাকার উৎপাদিত পণ্য বিক্রি সম্ভব না হলে পুনরায় মূলধন সংকটে পড়বে এটি। সে ক্ষেত্রে উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখা দুঃসাধ্য হবে।
এদিকে গত বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে মিলটির উৎপাদন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রয়েছে। গুদামে পড়ে আছে উৎপাদিত পণ্য। মিলের বিভিন্ন স্থানে রয়েছে কাঠের মজুত। কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি কম। কারখানা বন্ধ থাকায় কোনো শ্রমিকের দেখা মিলল না।
কাজী রুহুল আমীন আরও বলেন, ‘মিলটি লাভজনক ও স্থায়ীভাবে চালু রাখতে হলে এটির আধুনিকায়ন বা বিএমআরই জরুরি। এ জন্য বিসিআইসির কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।’ এতে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। তবে এই টাকার পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় লোকজন ও শ্রমিকদের ধারণা, মিলটি স্থায়ী ও লাভজনকভাবে পরিচালনার উদ্যোগ না নিয়ে শুধু নির্বাচন ও রাজনৈতিক প্রতিশ্রুতির কারণে অস্থায়ী ভিত্তিতে এটি চালু করা হয়েছে। তাই বাস্তবে এটি কত দিন চালু রাখা সম্ভব হবে সেই শংকা দেখা দিয়েছে।
হার্ডবোর্ডের বাজার: সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে দেশে প্রতিবছর প্রায় সাড়ে ১৩ লাখ পিস হার্ডবোর্ডের চাহিদা রয়েছে। প্রতি পিস হার্ডবোর্ডের গড় মূল্য ৫০০ টাকা হিসাবে সাড়ে ৬৭ কোটি টাকার বাজার। কাগুজে হিসাবে চাহিদার ৪০ শতাংশ পর্যন্ত পূরণের সক্ষমতা রয়েছে খুলনা হার্ডবোর্ড মিলস কর্তৃপক্ষের। তবে বাস্তবে চাহিদার ২৫ শতাংশ পর্যন্ত পূরণ করতে পারে এই মিলটি।
বর্তমানে হার্ডবোর্ডের স্থানীয় বাজারটি আমদানিনির্ভর। অবশ্য দেশীয় কয়েকটি প্রতিষ্ঠানও এ ধরনের পণ্য উৎপাদন করে থাকে। চাকচিক্যের দিক থেকে আমদানি ও স্থানীয় পর্যায়ে বেসরকারিভাবে উৎপাদিত হার্ডবোর্ড এগিয়ে রয়েছে। আর ৫০ বছরের পুরোনো যন্ত্রপাতি দিয়ে উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকায় সরকারি প্রতিষ্ঠানের পণ্যের বৈচিত্র্য কম। এতে করে প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে পড়তে হচ্ছে বলে মনে করেন অনেকে।