রাজনৈতিক কারণেই খেলাপি ঋণ সংস্কৃতি উৎসাহিত হয়েছে: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী এ এম এ মুহিত l ফাইল ছবি
অর্থমন্ত্রী এ এম এ মুহিত l ফাইল ছবি

রাজনৈতিক কারণে দেশে খেলাপি ঋণের সংস্কৃতি উৎসাহিত হয়েছে বলে স্বীকার করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তিনি এও বলেন, এই সংস্কৃতি কিছুটা নিয়ন্ত্রণ করা গেছে এবং সরকার এতে সফল।
সচিবালয়ে গতকাল বুধবার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট (অপারেশন) ওয়েনসাই ঝাংয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রীর কাছে সাংবাদিকেরা জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ বেড়ে যাওয়ার কারণ জানতে চান। জবাবে রাজনৈতিক কারণের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নমনীয় পুনঃ তফসিলীকরণ নীতিও এ জন্য দায়ী বলে উল্লেখ করেন মুহিত।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ হয়েছে ৫৭ হাজার কোটি টাকার বেশি, আগের প্রান্তিকে যা ছিল ৫১ হাজার কোটি টাকা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ছয় হাজার কোটি টাকা। আর গত ডিসেম্বরের তুলনায় বেড়েছে প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা। গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ৪০ হাজার ৫৮৩ কোটি টাকা ছিল।
খেলাপি ঋণ বাড়ার জন্য আরও কয়েকটি কারণ চিহ্নিত করেন মুহিত। এগুলো হচ্ছে সোনালী ব্যাংক ও বেসিক ব্যাংকে দুর্নীতি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য জ্বালানি তেল কেনায় রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর অর্থায়ন।
সোনালী ব্যাংকের হল-মার্ক কেলেঙ্কারি ও বেসিক ব্যাংক থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় আট হাজার কোটি টাকা নিয়ে যাওয়া হয়।
পুনঃ তফসিলীকরণ নীতির কথা উল্লেখ করে অর্থমন্ত্রী প্রথমে সাংবাদিকদের বলেন, ‘এটি অনেক নমনীয় হয়ে গেছে।’ কিছুটা সংশোধন করে একই বিষয়ে তিনি আবার বলেন, ‘পুনঃ তফসিলীকরণ নীতিটা (রুলস) সম্ভবত একটু নমনীয় হয়ে গেছে।’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুনঃ তফসিলীকরণ নীতি নমনীয় করলে খেলাপি ঋণ না বেড়ে বরং কমার কথা। এ বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্য তাঁর বোধগম্য নয়।
আর খেলাপি ঋণের সংস্কৃতি নিয়ন্ত্রণে সরকারের সাফল্য বিষয়ে অর্থমন্ত্রী যে কথা বলেছেন, তার সঙ্গেও বাস্তবতার কোনো মিল খুঁজে পান না মির্জ্জা আজিজ। তিনি প্রশ্ন রাখেন, খেলাপি সংস্কৃতির যদি উন্নতিই হয়ে থাকে, তাহলে এক বছর আগের খেলাপি ঋণের হার ৭ থেকে বাড়তে বাড়তে বর্তমানে তা ১২ শতাংশের মতো কেন হলো?
বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম এই প্রান্তিকের খেলাপি ঋণ নিয়ে গত ১৩ নভেম্বর প্রথম আলোকে বলেছিলেন, খেলাপি ঋণের যে হিসাব দেওয়া হয়, তা আসলে একধরনের প্রতারণা। কেননা এর মধ্যে অবলোপন করা (রাইট অফ) ঋণের হিসাব থাকে না।
কৃষি ব্যাংকের খেলাপি ঋণ বিষয়ে গতকাল মুহিত বলেন, ‘আমার মনে হয় তাদের ব্যবস্থাপনা দুর্বল। যেহেতু তারা ক্ষুদ্রঋণ দেয় তাই তাদের তদারকিতে জনবল লাগে বেশি। এখন অবশ্য তারা কৃষিভিত্তিক ব্যবসায়ে ঋণ দিচ্ছে।’
সরকারের সঙ্গে সম্পর্ক রয়েছে, এমন বেসরকারি কয়েকটি ব্যাংকেও খেলাপি ঋণ বেড়েছে—কারণ জানতে চাইলে খেপে যান অর্থমন্ত্রী। বলেন, ‘সরকারের সঙ্গে সম্পর্ক রয়েছে মানে? আপনি খুবই গুরুতর কথা বলেছেন।’
এডিবি ও কানেকটিভিটি: এডিবির ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর ওয়েনসাই ঝাং প্রথম বাংলাদেশ সফরে আসেন জানিয়ে মুহিত বলেন, ‘সংস্থাটি বাংলাদেশে প্রকল্প বাড়াতে চায়, আমরাও একমত। এডিবির ভাইস প্রেসিডেন্ট বলেছেন, গত বছর বাংলাদেশের জন্য তাদের প্রতিশ্রুতি ১০০ কোটি ডলার থাকলেও ভবিষ্যতে ১৫০ কোটি ডলারে উন্নীত করতে চায়। আমি বলেছি, ২০০ কোটি ডলারের কথা। আরও বলেছি, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। জাপান ঋণের পরিমাণ বাড়িয়েছে, আপনারাও বাড়ান।’
এডিবির সঙ্গে কোনো সমস্যা না থাকলেও প্রকল্পের পরামর্শক নিয়োগে কিছুটা দেরি হয় বলে জানান মুহিত। তিনি বলেন, ‘যখন পরামর্শক নিয়োগের সিদ্ধান্ত হয়, তখন প্রায়ই পরামর্শক পাওয়া যায় না।’ এ ব্যাপারে এডিবিকে আরেকটু গতিশীল হতে বলেছেন বলে সাংবাদিকদের জানান তিনি।
প্রতিবেশী ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সব ধরনের যোগাযোগ (কানেকটিভিটি) বৃদ্ধির বিষয়ে এডিবির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
মুহিত বলেন, প্রতিবেশী তিন দেশের সঙ্গে কানেকটিভিটি বৃদ্ধিতে এডিবি ভালো কাজ করছে। ভুটান ও নেপালের সঙ্গে চুক্তি রয়েছে। এর মধ্যে বিদ্যুৎ সরবরাহ, সঞ্চালন লাইন ও রাস্তাঘাটের ব্যাপার রয়েছে। ভারতের সঙ্গে কানেকটিভিটি তারাই (এডিবি) করে দেবে।
সার্কের ব্যর্থতার কারণে উপ-আঞ্চলিক সহযোগিতার দিকেই বাংলাদেশ এখন বেশি মনোযোগী এবং এডিবিও এতে আগ্রহী বলে জানান অর্থমন্ত্রী। এডিবির আগ্রহের কারণ জানতে চাইলে মুহিত বলেন, ‘আঞ্চলিক সহযোগিতার মধ্যেই আমাদের ভবিষ্যৎ নিহিত।’
তবে এ সহযোগিতার বিষয়টি ভারতের নতুন সরকারের ওপর নির্ভর করছে বলে মনে করেন তিনি। মুহিত বলেন, ‘নয়াদিল্লি অবশ্য ইতিমধ্যে জানিয়েও দিয়েছে যে আগের সরকারের অসমাপ্ত বিষয়গুলো তারা এগিয়ে নিয়ে যাবে এবং সুরাহা হতে একটি বৈঠকই যথেষ্ট।’ বৈঠক কবে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না।’ এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে জানার পরামর্শ দেন তিনি।
ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সাতটি রাজ্যের (সেভেন সিস্টারস) সঙ্গে ট্রানজিট বিষয়ে কোনো অগ্রগতি হয়নি বলে উল্লেখ করে মুহিত বলেন, আঞ্চলিক সহযোগিতার ব্যাপারে বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার (বিসিআইএম) নামে অর্থনৈতিক জোট রয়েছে, সেটিও ভালো। তবে এর অগ্রগতি শ্লথ। এখনো প্রতিশ্রুতির পর্যায়েই রয়েছে।