রাজনৈতিক চাপে দুর্বল হয়েছে বিসিক শিল্পনগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও কুটিরশিল্প উদ্যোক্তাদের শিল্পায়নের স্বার্থে দেশের বিভিন্ন স্থানে ৭৪টি শিল্পনগর গড়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক)। এর মধ্যে ২০টিই প্রতিষ্ঠা করা হয়েছে রাজনৈতিক বিবেচনায়।
বিসিক বলছে, এসব শিল্পনগর প্রতিষ্ঠায় কোনো ধরনের অর্থনৈতিক সম্ভাব্যতা (ফিজিবিলিটি) যাচাই করা হয়নি। রাজনৈতিক বিবেচনায় প্রতিষ্ঠা হওয়ায় এসব শিল্পনগর কার্যকর করা যাচ্ছে না। অনেক উদ্যোক্তাই প্লট নিয়ে ফেলে রেখেছেন। রাজনৈতিক চাপ থাকায় তাঁদের প্লট বাতিলও করা যাচ্ছে না।
‘বিসিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ নিয়ে বিসিক সম্প্রতি একটি সমীক্ষা করেছে। ওই সমীক্ষায় এই চিত্র বেরিয়ে এসেছে।
এ প্রসঙ্গে বিসিকের চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার বলেন, ‘আমরা সবগুলো শিল্পনগর পর্যালোচনা করে দেখেছি, সম্ভাব্যতা যাচাই ছাড়াই ২০টি শিল্পনগর করা হয়েছে। রাজনৈতিক বিবেচনা থেকেই এসব করা হয়েছে। সে কারণে সেখানে শিল্প তেমন গড়ে ওঠেনি।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় গড়ে তোলা শিল্পনগরগুলোতে যেহেতু শিল্প গড়ে উঠছে না, তাই রাজনীতিবিদদের জবাবদিহি করতে হবে, কেন তাঁরা এসব শিল্পনগর গড়ার জন্য প্রভাব খাটিয়েছেন।’ গতকাল বিসিক আয়োজিত গোলটেবিল আলোচনায় একপর্যায়ে তিনি এসব কথা বলেন।
‘রাজনৈতিক শিল্পনগর’-এর হালচাল: রাজনৈতিক বিবেচনায় ষাটের দশকে ১৩০ দশমিক ৬১ একর জায়গার ওপর বরিশালে একটি শিল্পনগর প্রতিষ্ঠা করা হয়। আয়তনের দিক থেকে এটি বিসিকের সবচেয়ে বড় শিল্পনগর। সে সময় আরেকটি শিল্পনগর করা হয় বরিশালের স্বরূপকাঠিতে। বিসিকের ৭৪টি শিল্পনগরের প্রত্যেকটির গড় আয়তন যেখানে ২৬ দশমিক ৬১ একর সেখানে এত বড় আয়তনের দুটি শিল্পনগরের অনেক প্লটের বরাদ্দই এখনো হয়নি।
বিসিক বলছে, দেশের শিল্পনগরগুলোতে এখন ৪৪৫টি প্লট বরাদ্দবিহীন পড়ে আছে। এর মধ্যে বরিশালের এই দুই শিল্পনগরেই পড়ে আছে ১৩১টি প্লট। অর্থাৎ এসব প্লট বরাদ্দ দেওয়ার মতো উদ্যোক্তা পাওয়া যাচ্ছে না কিংবা উদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ নেওয়ার আগ্রহ কম।
বিসিকের সমীক্ষায় বলা হয়েছে, বরিশালের মতো স্থানে এত বড় শিল্পনগর গড়ে তোলায় ওই জমি একদিকে অব্যবহূত পড়ে আছে, অন্যদিকে ওই জমিতে যে কৃষিপণ্য উৎপাদিত হতে পারত তা থেকেও দেশ বঞ্চিত হয়েছে এবং এখনো হচ্ছে। একই ঘটনা ঘটেছে স্বরূপকাঠি শিল্পনগরের ক্ষেত্রেও।
১৯৮০ থেকে ১৯৯৮—এই ১৮ বছরে ৪০টির বেশি শিল্পনগর প্রতিষ্ঠা করেছে সরকার। এর বেশ কয়েকটিই করা হয়েছে রাজনৈতিক বিবেচনায়। এ সময়ে অবিবেচনাপ্রসূত গড়ে তোলা কয়েকটি শিল্পনগরের অবস্থা তুলে আনা হয়েছে সমীক্ষায়। তাতে দেখা যাচ্ছে, সুনামগঞ্জের শিল্পনগরে ৭৫টি, ভোলায় ৪৩টি, খাগড়াছড়িতে ৩৭টি, রাঙামাটিতে ২৬টি, লালমনিরহাটে ১৯টি, পঞ্চগড়ে ১৮টি এবং জয়পুরহাট শিল্পনগরে ১১টি প্লট বরাদ্দই দিতে পারেনি কর্তৃপক্ষ।
বিসিকের কর্মকর্তারা জানান, বগুড়ায় একটি শিল্পনগর করার পর প্লট শেষ হয়ে যাওয়ায় এর সম্প্রসারণ করা হয়। সম্প্রসারিত ওই শিল্পনগরের সব প্লটেও শিল্প হয়েছে। বগুড়ায় আরও একটি শিল্পনগর করার দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা। নীলফামারীর সৈয়দপুর শিল্পনগরের সব প্লটেই শিল্পকারখানা হয়েছে। সেখানে আরও একটি শিল্পনগর করার জন্য সেখানকার উদ্যোক্তারা ছয়-সাত বছর ধরেই আবেদন করছেন। কিন্তু তা করা হচ্ছে না। অথচ, এমন স্থানে শিল্পনগর করা হয়েছে, সেখানে উদ্যোক্তাই নেই।
প্লট অব্যবহূত, বাতিল হচ্ছে না: বিসিকের শিল্পনগরগুলোতে এখন এক হাজার ১৪৯টি প্লট অব্যবহূত পড়ে আছে। এর মধ্যে ৬৪৬টি প্লটে কারখানার নির্মাণকাজ শুরুই হয়নি। বাকি ৫১২টি প্লটে শিল্প নির্মাণাধীন বলে উদ্যোক্তারা দেখাচ্ছেন।
বিসিকের পর্যবেক্ষণ, নির্মাণাধীন প্লটগুলোর অধিকাংশই উদ্দেশ্যপ্রণোদিত ফেলে রাখা হয়েছে। এসব প্লটের অধিকাংশের বরাদ্দের ক্ষেত্রেই স্বচ্ছতা রক্ষা করা হয়নি কিংবা সম্ভব হয়নি। সে কারণে এসব প্লট উদ্যোক্তা নন—এমন মানুষের দখলে চলে গেছে। অথচ, প্লটের অভাবে অনেক যোগ্য উদ্যোক্তাকে প্লট দেওয়া যাচ্ছে না।
যেসব শিল্পনগরে বেশি প্লট অব্যবহূত ফেলে রাখা হয়েছে, তার মধ্যে আছে কেরানীগঞ্জ শিল্পনগরে (৯০টি), নেত্রকোনায় (৬৭টি), শরীয়তপুরে (৪৮টি), কিশোরগঞ্জ ও হোসিয়ারি শিল্পনগরে (৩৮টি), লক্ষ্মীপুরে (৩৬টি), ঝিনাইদহ ও মেহেরপুরে (২৫টি), রাঙামাটিতে (২৯টি), পটুয়াখালীতে (২৩টি)। কেরানীগঞ্জে ৯০টি প্লট পড়ে আছে সাত বছর ধরে।
সমীক্ষা বলছে, উদ্যোক্তা বাছাইয়ে পর্যাপ্ত সতর্কতার অভাবই এর বড় কারণ। আরেকটি কারণ হলো, প্লট বরাদ্দের ত্রুটিপূর্ণ নীতিমালা। তবে উদ্যোক্তা নির্বাচনে রাজনৈতিক বিবেচনার বিষয়টি কোনোভাবেই এড়ানো যাবে না।
বিসিকের একজন পরিচালক প্রথম আলোকে বলেন, প্লট যাঁরা ফেলে রেখেছেন তাঁদের প্লট চাইলেই আমরা বাতিল করতে পারি না। এ ক্ষেত্রে দুটি সমস্যায় পড়তে হয়। প্রথমত, প্লটের মালিকেরা স্থানীয় রাজনীতিবিদদের মাধ্যমে আমাদের চাপ দেন। ফলে প্লট বাতিল করা যায় না। যাঁরা একটু নিরীহ লোক কেবল তাঁদের প্লটই বাতিল হয়। দ্বিতীয়ত, প্লট ধরে রাখতে অনেকেই মামলা করেন। ফলে বিষয়টি কয়েক বছর ধরে আদালতে ঝুলে থাকে।