
পর্যাপ্ত অবকাঠামো নেই, নেই বাণিজ্যিক উপযোগিতা। তার পরও স্থানীয় জনগণের কাছে নিজেদের উন্নয়নের কৃতিত্ব দেখানোর জন্য অনেক প্রভাবশালী মন্ত্রী ও সাংসদ নিজ নিজ জেলায় ভারত সীমান্তে নতুন শুল্ক স্টেশন স্থাপন বা বন্ধ থাকা শুল্ক স্টেশন চালু করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওপর চাপ প্রয়োগ করছেন।
সাম্প্রতিক বছরগুলোয় রাজনৈতিক চাপে একাধিক শুল্ক স্টেশন স্থাপন ও চালু হয়েছে। এমনকি শুল্ক স্টেশনকে স্থলবন্দরেও রূপান্তর করা হচ্ছে। অথচ এসব শুল্ক স্টেশন দিয়ে তেমন কোনো আমদানি-রপ্তানি হচ্ছে না বললেই চলে।
এনবিআর সূত্রে জানা গেছে, দেশে বিদ্যমান ১৮১টি শুল্ক স্টেশনের মধ্যে বিগত চার বছর ধরে ১৪২টিই বন্ধ রয়েছে। মূলত পণ্য আমদানি-রপ্তানির জন্য ন্যূনতম অবকাঠামো না থাকায় এসব শুল্ক স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখন চালু রয়েছে ৩৯টি। তবে এগুলোর অনেকগুলো দিয়ে নিয়মিত কোনো পণ্য আনা-নেওয়া হয় না। বরং কোনো কোনোটি দিয়ে বছরে একটি পণ্যের চালান খালাস হওয়ার ঘটনাও আছে। মাত্র ১৪টি শুল্ক স্টেশন দিয়ে নিয়মিত পণ্য আমদানি-রপ্তানি হয়। আর এগুলো সবই একই সঙ্গে স্থলবন্দর।
সাধারণত শুল্ক স্টেশনে সীমিত অবকাঠামো ও পণ্য আমদানি-রপ্তানিতে শুল্কায়নের প্রয়োজনীয় ব্যবস্থা থাকে। তবে পণ্য সংরক্ষণের ব্যবস্থা সেভাবে থাকে না। আর স্থলবন্দরে পূর্ণাঙ্গ অবকাঠামো থাকে বলে পণ্য সংরক্ষণ করা যায়।
নতুন শুল্ক স্টেশন চালু করার জন্য রাজনৈতিক নেতাদের চাপ রয়েছে। কুষ্টিয়ার দৌলতগঞ্জ দিয়ে একটি শুল্ক স্টেশন চালুর জন্য প্রভাবশালী একজন মন্ত্রী সুপারিশ করেছেন। তবে এনবিআর এখনো অনুমোদন দেয়নি।
শেরপুর জেলার নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরে যাওয়ার ২৯ কিলোমিটার সড়ক খুবই সরু ও আঁকাবাঁকা। বলা যায়, পণ্যবাহী ট্রাক চলাচলের একদম অনুপোযোগী। ভারতের সঙ্গে বাণিজ্য হয় না বললেই চলে। অপর প্রান্তে ভারতের ডালু শুল্ক স্টেশনেও কোনো পণ্যগুদাম নেই। কিন্তু আওয়ামী লীগ সরকারের বিগত আমলে একজন প্রভাবশালী জ্যেষ্ঠ মন্ত্রীর সুপারিশে এই শুল্ক স্টেশনটি স্থলবন্দরে রূপান্তর করা হয়। এই শুল্ক স্টেশনটি স্থলবন্দরে রূপান্তর করতে স্থলবন্দর কর্তৃপক্ষ ও এনবিআরের আপত্তি টেকেনি।
ন্যূনতম অবকাঠামো না থাকায় নীলফামারী জেলার ডোমারের রেলপথনির্ভর চিলাহাটি শুল্ক স্টেশনটি বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় চিলাহাটি থেকে ভারতের শিলিগুড়ির হলদিবাড়ি পর্যন্ত সাত-আট কিলোমিটার রেলপথটিও চলাচলের অনুপযোগী হয় পড়ে। অথচ গত বছর একজন প্রভাবশালী মন্ত্রীর অনুরোধে এই বন্ধ থাকা শুল্ক স্টেশনটিকে স্থলবন্দর করা হয়েছে।
শুল্ক স্টেশন কার্যকর করতে শুধু দেশীয় রাজনৈতিক চাপ নয়, ভারতের রাজনৈতিক চাপও রয়েছে। ন্যূনতম অবকাঠামো ও যাতায়াতের পথ না থাকায় পাবর্ত্য চট্টগ্রামের টেগামুখ ও রামগড় শুল্ক স্টেশন দুটি বন্ধ ঘোষণা করেছিল এনবিআর। কিন্তু ট্রানজিট আলোচনা শুরুর পর ভারতের চাপে এ দুটি শুল্ক স্টেশনকে শুধু কার্যকর নয়, স্থলবন্দর হিসেবেও ঘোষণা দেওয়া হয়। অথচ শুধু ৪৫ কিলোমিটার নৌপথে যেতে হয় বলে টেগামুখ স্থলবন্দর ঘোষণায় তীব্র আপত্তি ছিল স্থলবন্দর কর্তৃপক্ষের।
কয়েক বছর আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান নৌ প্রটোকলের আওতায় একটি ভারতীয় পর্যটন জাহাজ নুনখাওয়া শুল্ক স্টেশন দিয়ে আসামে যায়। অথচ ব্রহ্মপুত্র নদপথে থাকা এই শুল্ক স্টেশনটি দীর্ঘদিন ধরেই বন্ধ। ভারত এটি চালু করার জন্য অনুরোধ জানিয়েছে।
পণ্যতালিকা বৃদ্ধি: প্রতিটি শুল্ক স্টেশন দিয়ে গড়ে ২০ থেকে ২৫টি পণ্য আমদানির অনুমোদন রয়েছে। আবার একেকটি শুল্ক স্টেশন দিয়ে একেক রকমের পণ্য আমদানি-রপ্তানির তালিকা আছে। প্রভাবশালীদের চাপে এবং কিছু কৌশলগত কারণে কয়েক মাস আগে এনবিআর পণ্যের এই তালিকা বড় করার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে একটি খসড়া তালিকাও চূড়ান্ত করা হয়েছে।
জানা গেছে, প্রথমে এনবিআরের পক্ষ থেকেই এই তালিকা পুনর্বিন্যাস করার উদ্যোগ নেওয়া হয়। এর পর থেকেই মন্ত্রী-সাংসদ ও প্রভাবশালী ব্যক্তিরা তৎপর হয়ে ওঠেন নিজ নিজ নির্বাচনী এলাকার শুল্ক স্টেশন দিয়ে আরও বেশি পণ্য আমদানির সুযোগ পেতে। মজার বিষয় হলো, কেউই রপ্তানি পণ্যতালিকা সম্প্রসারণের সুপারিশ করেননি।
জানা গেছে, কিছু শুল্ক স্টেশন দিয়ে যন্ত্রপাতি ও ভারী পণ্য আমদানির জন্য সুপারিশ করেছেন মন্ত্রী-সাংসদেরা। অথচ ওই সব শুল্ক স্টেশনে ন্যূনতম অবকাঠামো নেই। এমনকি সড়কও নেই। নিজের নির্বাচনী এলাকায় কোনো শুল্ক স্টেশন নেই, এমন একজন প্রভাবশালী মন্ত্রীও তালিকায় আমদানিপণ্যের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছেন।
এ প্রসঙ্গে এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, রাজনৈতিক চাপে শুল্ক স্টেশন করা উচিত নয়। বাণিজ্য উপযোগিতা বিবেচনা করেই শুল্ক স্টেশন স্থাপন করা উচিত। উপযোগিতা না থাকলে শুল্ক কর্মকর্তাসহ জনবল বসিয়ে রাখতে হবে। এতে অবৈধ উপায়ে পণ্য আসার সুযোগ তৈরি হবে।
আবদুল মজিদ মনে করেন, পার্শ্ববর্তী দেশের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে শুল্ক স্টেশন করা দরকার। রাজনৈতিক বিবেচনায় বা চাপে বাংলাদেশে একটি শুল্ক স্টেশন করা হলো, কিন্তু দেখা গেল, সেই স্টেশন দিয়ে পণ্য রপ্তানি করতে আগ্রহ নেই ভারতের রপ্তানিকারকদের। এতে লাভ হবে না।
এদিকে কার্যকর স্থলবন্দর ও শুল্ক স্টেশনগুলো চালু রেখে বাকিগুলো বিলুপ্ত করতে চায় এনবিআর। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা রয়েছে। গত অক্টোবর মাসে ভারত ও বাংলাদেশের যৌথ শুল্ক দলের সভায় ১৬টি স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে নিয়মিত পণ্য আনা-নেওয়ার প্রবাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এই লক্ষ্যে এসব বন্দর ও শুল্ক স্টেশনের আমদানি-রপ্তানির পণ্যতালিকা পুনর্বিন্যাস করা হচ্ছে। এসব শুল্ক স্টেশন দিয়ে পণ্যের প্রবাহ বাড়াতেই এ উদ্যোগ।
অনেক প্রভাবশালী মন্ত্রী ও সাংসদ শুল্ক স্টেশন চালুর জন্য চাপ দিচ্ছেন
কেউই রপ্তানি পণ্যতালিকা সম্প্রসারণের সুপারিশ করেননি
১৪২টি শুল্ক স্টেশন চার বছর ধরে বন্ধ
৩৯টি বর্তমানে চালু রয়েছে
১৬টি বহাল রাখতে চায় এনবিআর
‘‘বাণিজ্য উপযোগিতা বিবেচনা করেই শুল্ক স্টেশন স্থাপন করা উচিত। উপযোগিতা না থাকলে শুল্ক কর্মকর্তাসহ জনবল বসিয়ে রাখতে হবে। এতে অবৈধ উপায়ে পণ্য আসার সুযোগ তৈরি হবে
মোহাম্মদ আবদুল মজিদ
সাবেক চেয়ারম্যান, এনবিআর