এ দেশ থেকে হরতাল বন্ধ হোক তা রাজনৈতিক দলগুলোই চায় না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরামউদ্দিন আহ্মদ।
এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘আমরা কয়েক বার আইন করে হরতাল বন্ধ করতে বলেছি। কিন্তু কোনো সরকারই তা চায় না। যাঁরা ক্ষমতায় আছেন তাঁরা বলেন, হরতাল খারাপ। আবার তাঁরা যখন বিরোধী দলে থাকেন তখন তাঁদের কাছে নাকি হরতাল ছাড়া আর কোনো বিকল্পই থাকে না। এমন যদি হয় অবস্থা তাহলে ব্যবসায়ীদের কী হবে?’
টানা চার দিনের হরতালে দেশের অর্থনৈতিক অবস্থা ও ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাজী আকরাম। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং দেশের সমন্বিত অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এফবিসিসিআই সভাপতি সব রাজনৈতিক দল ও সংগঠনকে পবিত্র রমজান মাস এবং পরবর্তী সময়ে হরতালের মতো কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান।
কাজী আকরাম বলেন, ‘হরতালে রাজনৈতিক নেতাদের উপকার হতে পারে। কিন্তু সাধারণ মানুষের কোনো উপকার হয় না।’ তিনি বলেন, রাজনীতি ও রাজনৈতিক সংগঠন যদি জনগণের কল্যাণেই হয় তাহলে পবিত্র রমজান মাসে হরতাল আহ্বান করা কেমন জনকল্যাণমূলক কাজ তা বোধগম্য নয়।
এফবিসিসিআই সভাপতি আরও বলেন, হরতাল হোক বা না হোক সারা বছরই কিন্তু রপ্তানি কার্যক্রম চলে। কিন্তু অভ্যন্তরীণ পোশাকের বাজার ও গ্রামীণ অর্থনীতি মূলত এ মাসেই সচল হয়। ১১ মাসে যা বিক্রি হয় না তা এই এক মাসে বিক্রি হয়। তারা এ মাসের দিকে তাকিয়ে থাকে। কর্মচারীরা আশায় চেয়ে থাকে, ঈদে বোনাস হবে। অথচ হরতালে অধিকাংশ সময়ে দোকান ও মার্কেট বন্ধ থাকছে। এতে সার্বিক বেচাকেনার ওপর বিরূপ প্রভাব পড়ছে। ফলে রমজানে হরতাল দেওয়ায় দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায় বিপর্যয় নেমে আসবে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা রাজনীতি করেন, আর ব্যবসায়ীদের ব্যবসা করতে দেন।’
এফবিসিসিআই সভাপতি বলেন, বিদ্যমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিল্পের কাঁচামাল পরিবহনে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পাশাপাশি উৎপাদনও ব্যাহত হচ্ছে। বিভিন্ন উৎপাদনশীল খাত, দেশীয় শিল্পসহ রপ্তানিমুখী শিল্প, ব্যাংক, বিমা, পরিবহন, স্বাস্থ্যসেবা, মানবসম্পদসহ দেশের যাবতীয় অর্থনৈতিক ভিত ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, যা মোটেও কাম্য নয়।
চলমান রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে ব্যবসায়ীদের আলোচনায় বসে কর্মসূচি ঠিক করার একটি উদ্যোগ ছিল এফবিসিসিআইয়ের। এ লক্ষ্যে ঢাকায় একটি ব্যবসায়ী সম্মেলন করার উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে কাজী আকরাম বলেন, রমজান মাসের কারণে এই উদ্যোগ বন্ধ রাখা হয়েছে। দেশের রাজনীতি যদি একইভাবে চলতে থাকে তবে ঈদের পর ব্যবসায়ীদের সম্মেলন ডাকা হবে।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের দুই সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও হেলাল উদ্দিনসহ কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন।