রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন ব্যবসায়ীরা: ইএবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগসংক্রান্ত ধারাটি বিদ্যমান কোম্পানি আইনে সংযুক্ত করা হলে দেশের বাণিজ্য সম্প্রসারিত হবে না এবং রপ্তানিমুখী শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করে রপ্তানিকারকদের সমিতি ইএবি।সংগঠনটি বলছে, এ সংশোধনীর কারণে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হবে। তা ছাড়া কোনো উদ্যোক্তাই চাইবেন না, তার কষ্টার্জিত অর্থে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে সরকার মনোনীত প্রশাসক নিয়োগ পাক। এ সংশোধনীর ফলে ব্যবসায়ী-উদ্যোক্তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন।ইএবি থেকে গতকাল বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব উদ্বেগের কথা জানানো হয়। প্রশাসক নিয়োগসংক্রান্ত সংশোধনী না আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ করেছে ইএবি।সংগঠনের সভাপতি আবদুস সালাম মুর্শেদীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢালাওভাবে কোম্পানি আইনের এমন কোনো সংশোধনী আনা ঠিক হবে না, যা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করবে, শিল্প-কারখানা বন্ধ হয়ে যাবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে না বরং বেকারের সংখ্যা বেড় যাবে এবং বৈদেশিক মুদ্রার ভান্ডার সংকুচিত হবে। তবে ইএবি মনে করে, যদি কোনো শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠানে উদ্যোক্তার ব্যর্থতার কারণে অথবা উদ্যোক্তার কোনো অবৈধ কার্যকলাপে শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তবে শ্রমিকের কর্মসংস্থান ও উৎপাদনের স্বার্থে ওই প্রতিষ্ঠান চালু রাখতে সাময়িক ব্যবস্থা হিসেবে প্রশাসক নিয়োগ করা যেতে পারে।