বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে বিভিন্ন মহল থেকে বিচ্ছিন্নভাবে নানা বক্তব্য ও মতামত দেওয়া হলেও তার আলোকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সে কারণে বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা দ্বিধাদ্বন্দ্ব ও আতঙ্কের মধ্যে আছেন।ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) থেকে গতকাল শনিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গত শুক্রবার নির্বাচনকালীন সরকার গঠনের যে রূপরেখা প্রস্তাব করেছে সেটাকে স্বাগত জানিয়েছে ঢাকা চেম্বার। সংগঠনটি বলেছে, এ রূপরেখাকে একটি ভিত্তি হিসেবে বিবেচনা করে দেশের ব্যবসায়ী, শিক্ষক ও সুশীল সমাজ, সরকারি ও বিরোধী দলসহ গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসনের একটি ক্ষেত্র তৈরি করা যায়। প্রয়োজনে এ রূপরেখায় সংযোজন ও বিয়োজন করা যেতে পারে।ঢাকা চেম্বারের আশা, পুরোনো বছরের রাজনৈতিক ভেদাভেদ মুছে ফেলে নতুন বছরের শুরুতেই রাজনৈতিক নেত্রীদ্বয় এ ধরনের উদ্যোগে সাড়া দিয়ে সংকট নিরসনের নতুন দ্বার উন্মোচিত করবেন।সংস্থাটির বিশ্বাস, সব প্রতিকূলতা প্রতিহত করে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে রাজনৈতিক নেতারা ভুল করবেন না।