রাজনৈতিক সমঝোতার অভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহতহবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজেট বিষয়ে এমসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় অতিথিরা
বাজেট বিষয়ে এমসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় অতিথিরা

রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে আগামী ২০১৩-১৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার অর্জন কঠিন হবে বলে মনে করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। এমসিসিআইয়ের মতে, শুধু তাই নয়, রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে না পারলে দেশের পুরো অর্থনৈতিক কর্মকাণ্ডই ব্যাহত হতে পারে।
এমসিসিআই আয়োজিত ‘বাজেট ২০১৩-১৪: ব্যবসায়ী সমাজের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক আলোচনায় এ বক্তব্য উঠে আসে। রাজধানীর মতিঝিলে অবস্থিত এমসিসিআই সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এতে প্রধান অতিথি ছিলেন। সভায় বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ সম্মানিত অতিথি এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক বিশেষ অতিথি ছিলেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এমসিসিআইয়ের সভাপতি রোকেয়া আফজাল রহমান স্বাগত বক্তব্য দিয়ে পুরো সভা সঞ্চালনা করেন। 
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর এবং এমসিসিআই সদস্য আদিব এইচ খান দুটি আলাদা প্রবন্ধ উপস্থাপন করেন। পিআরআই চেয়ারম্যান জায়েদী সাত্তার ছিলেন সভার নির্ধারিত আলোচক।

অনুষ্ঠানে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বিভিন্ন দেশীয় শিল্পের অনুকূলে কর অবকাশের মেয়াদ ২০১৫ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাবকে স্বাগত জানান এমসিসিআই সভাপতি রোকেয়া আফজাল রহমান। তবে বিদ্যুৎ খাতে চলমান প্রণোদনা চলতি বছরের ৩০ জুনের পর না বাড়ানোর ঘোষণায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। 

রোকেয়া আফজাল বলেন, আগামী বাজেট বাস্তবায়িত হবে তিনটি সরকারের মাধ্যমে। কিন্তু কীভাবে বাস্তবায়ন করা হবে তা পরিষ্কার নয়। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে এবং সঠিকভাবে প্রকল্প সম্পন্ন না হলে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে।

ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলে বেসরকারি খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, কয়েকটি খাতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ায় সৎ করদাতারা নিরুৎসাহী হতে পারেন। 

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বাজেটকে ‘ভারসাম্যপূর্ণ’ উল্লেখ করে  একে নির্বাচনী বাজেট হিসেবে মহল বিশেষের অভিযোগ নাকচ করে দেন। তিনি বলেন, দেশীয় শিল্পবান্ধব কর ও শুল্ক কাঠামোর প্রস্তাব করায় মহাজোট সরকারের শিল্পভিত্তিক অর্থনীতি গড়ে তোলার দর্শন বাস্তবায়ন সহজ হবে।

প্রস্তাবিত বাজেটকে নির্বাচনী বাজেট মনে করেন না পিআরআই নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরও। তিনি বলেন, বাজেটের আকার মোটামুটি ঠিকই আছে। গত কয়েক বছর ধরে ব্যয় যেমন বাড়ছে, আয়ও বাড়ছে তেমন।

তবে রাজনৈতিক অস্থিতিশীলতা ও প্রয়োজনীয় বিনিয়োগহীনতার কারণে প্রস্তাবিত বাজেটের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে না বলে আহসান মনসুর মনে করেন। অনেক বছর থেকে চলে আসা জিডিপি-বিনিয়োগের নিম্ন অনুপাতকে হতাশাজনক উল্লেখ করে তিনি বলেন, চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি ছয় শতাংশের নিচেও নেমে আসতে পারে।  

সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক বলেন, ‘আমাদের উদ্দেশ্য ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া। কিন্তু তার প্রস্তুতি থেকে সটকে পড়েছি আমরা। সারা বিশ্ব বলছে, এশীয় অঞ্চলে আগামী দিনে ভালো প্রবৃদ্ধি হবে। কিন্তু বাংলাদেশে কীভাবে হবে, তার প্রতিফলন নেই বাজেটে।’

ওসমান ফারুক বলেন, ‘স্থবির প্রবৃদ্ধির জালেও আমরা আটকে পড়েছি। আর, আত্মতৃপ্তি নিচ্ছি ছয় শতাংশের মতো প্রবৃদ্ধি হচ্ছে বলে। মনে রাখা দরকার যে ১৯৯০-এর দশকের শুরুর দিকেও প্রবৃদ্ধি হয়েছিল পাঁচ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ ২০ বছর ধরেই আমরা একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি।’ 

বাড়তি বিদ্যুৎ পাওয়া না গেলেও বিদ্যুৎ খাতে ভর্তুকির অর্থ ঠিকই দিতে হচ্ছে বলে প্রশ্ন তুলে তিনি বলেন, আগামী বছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। কারণ, কোনো নির্বাচনী বছরেই তা হয় না।