রাজনৈতিক সহিংসতা উন্নয়নের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব মন্দা, পরিবেশ বিপর্যয় ও অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা—এ তিনটি ঝুঁকি বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন বাধাগ্রস্ত করছে। এই বাধা কাটিয়ে উঠতে বিশ্বের নতুন অর্থনৈতিক শক্তি তথা অগ্রসর উন্নয়নশীল দেশগুলোকে দায়িত্ব নিতে হবে।গতকাল মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। আজ বুধবার থেকে রাজধানীতে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘স্বল্পোন্নত বিশ্বের উন্নয়নে নতুন বৈশ্বিক অংশীদারিত্ব সন্ধান: প্রেক্ষাপট ইউএন এলডিসি ৪’ শীর্ষক আন্তর্জাতিক সংলাপ উপলক্ষে সিপিডি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সিপিডি ও প্যারিসভিত্তিক ওসিইডি ডেভেলপমেন্ট সেন্টার যৌথভাবে এই সংলাপের আয়োজন করছে। সংলাপের বিভিন্ন কর্ম-অধিবেশনের সুপারিশগুলো আগামী বছর তুরস্কে অনুষ্ঠেয় এলডিসি সম্মেলনে তুলে ধরা হবে।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, ওসিইডি ডেভেলপমেন্ট সেন্টারের উপপরিচালক কার্লোস অ্যাডয়ার্ডো আলভেজ, সমন্বয়ক আনা বাতিরা, সিপিডির পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ, অতিরিক্ত পরিচালক ফাহমিদা খাতুন প্রমুখ।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর জন্য আগামী দশকটি খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েক দশকে স্বল্পোন্নত দেশগুলোতে টেকসই উন্নয়ন হয়নি। আমরা উন্নয়নের বাতাবরণে রয়েছি। এই উন্নয়নে দুর্বলতা রয়েছে। স্বল্পোন্নত দেশে বিনিয়োগ হয়েছে, দারিদ্র্য বিমোচন হয়েছে কিন্তু কর্মসংস্থান সেই তুলনায় বাড়েনি।’দেবপ্রিয় আরও জানান, বিশ্ব অর্থনৈতিক মন্দার জন্য স্বল্পোন্নত দেশগুলো দায়ী নয়, কিন্তু এর নেতিবাচক প্রভাব পড়েছে এসব দেশের অর্থনীতিতে। পরিবেশ বিপর্যয়ের জন্য খাদ্যনিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কৃষি ও কৃষক বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া সুদান, সোমালিয়া, আফগানিস্তান, চাদসহ এক-তৃতীয়াংশ দেশে অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা রয়েছে।স্বল্পোন্নত দেশগুলোর রাজনৈতিক অস্থিতিশীলতা ও সামাজিক অশান্তি উন্নয়নকে বাধাগ্রস্ত করছে বলেও উল্লেখ করেন তিনি। বহু স্বল্পোন্নত দেশে জাতীয় সংসদ, দুর্নীতি দমন কমিশনের মতো গণতন্ত্র সুসংহতকারী প্রতিষ্ঠানগুলো কাজ করে না। বাংলাদেশের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এসব দেশে প্রবৃদ্ধি থাকলেও তা টেকসই হয় না। প্রবৃদ্ধির সুফল গরিব মানুষ পায় না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মাধ্যমে অতি মুনাফার চেষ্টা থাকে।দেবপ্রিয় আরও বলেন, উন্নত দেশগুলোর বাইরেও ভারত, চীন, রাশিয়াসহ বেশ কিছু নতুন অর্থনৈতিক শক্তির উন্মেষ ঘটেছে। এসব অগ্রসর উন্নয়নশীল দেশগুলোকে স্বল্পোন্নত দেশগুলোর উন্নতির জন্য দায়িত্ব নিতে হবে। তাদের উদ্বৃত্ত অর্থ স্বল্পোন্নত দেশে বিনিয়োগ করতে হবে। তাদের বাজারে শুল্কমুক্ত বাজারসুবিধা দিতে হবে।ট্রানজিট প্রসঙ্গ : সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবে ট্রানজিট, ট্রানশিপমেন্ট নিয়ে এখন আর কারও দ্বিমত নেই। তবে দরকষাকষির মাধ্যমে নিজের লাভের অংশ কতটা বাড়ানো সম্ভব, সেটাই মূল বিষয়। যোগাযোগব্যবস্থা উন্নত করা সংশ্লিষ্ট দেশের কতটা সুবিধা মিলবে, সেটাও বিবেচনা করতে হবে।মোস্তাফিজুর রহমান বলেন, ট্রানজিট-সুবিধা প্রদানে স্বল্পমেয়াদি পদক্ষেপ হিসেবে বাংলাদেশি ট্রাক ব্যবহার করে ভারতের এক সীমান্ত থেকে পণ্য আরেক সীমান্তে পৌঁছানোর জন্য পণ্য পরিবহনের সুযোগ দেওয়া যেতে পারে। দীর্ঘমেয়াদি পদক্ষেপ হিসেবে দেশের সড়ক ও রেলপথের উন্নয়ন করতে হবে। সে ক্ষেত্রে বাংলাদেশ কতটা লাভবান হবে, সেটাও বিবেচনায় আনতে হবে।সম্মেলন: রাজধানীর শেরাটন হোটেলে তিন দিনব্যাপী এই সংলাপ অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংলাপের উদ্বোধন করবেন। সংলাপে বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বিভিন্ন দেশের ৩৪ জন প্রতিনিধি অংশ নেবেন।সংলাপে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, বিদেশি সহায়তা ও অভ্যন্তরীণ প্রতিষ্ঠান ও নীতি সংস্কারবিষয়ক পাঁচটি কর্ম-অধিবেশন থাকবে। এসব কর্ম-অধিবেশনের সুপারিশগুলো আগামী বছর জাতিসংঘের ব্যবস্থাপনায় তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত এলডিসি সম্মেলনে বিবেচনার জন্য পাঠানো হবে।