
বহুজাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংকের মতে, বেসরকারি বিনিয়োগের জন্য রাজনৈতিক অনিশ্চয়তা একটি সমস্যা। বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকলেও অনিশ্চয়তা কাটেনি। এ রাজনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও দেশে বিনিয়োগ বাড়বে যদি অন্যান্য কাঠামোগত সমস্যাগুলো কিছুটা হলেও দূর করা যায়। কারণ, পৃথিবীতে ঝুঁকিবিহীন বিনিয়োগ বলতে কিছু নেই। ব্যবসায়ীরা সেখানেই বিনিয়োগে আগ্রহী হন, যেখানে লাভ পাওয়া যায়।
প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট নিয়ে নিজেদের পর্যালোচনা তুলে ধরতে গিয়ে বিনিয়োগ বিষয়ে এমন মন্তব্য করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির মনে করে, বাস্তবায়নই ঘোষিত বাজেটের বড় চ্যালেঞ্জ। টাকার অঙ্কে বাজেট কত বড় হলো সেটি বিষয় নয়, দিন শেষে বড় বিষয় হচ্ছে এ বাজেটের মাধ্যমে অর্জিত ফলাফল ও কাজের গুণগত মান।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বাজেটবিষয়ক সামগ্রিক বিশ্লেষণ তুলে ধরেন সংস্থাটির বাংলাদেশের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন। এ ছাড়া বক্তব্য দেন বিশ্বব্যাংকের বাংলাদেশ-প্রধান চিমিয়াও ফান।
চিমিয়াও ফান বলেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি বেশ স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে ঘোষিত বাজেটে যেসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেগুলো অর্জন করতে হলে বিভিন্ন খাতে সংস্কার দরকার।
বাজেটে শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ায় সাধুবাদ জানান চিমিয়াও ফান। এ ছাড়া বেসরকারি বিনিয়োগে গতি সঞ্চারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিশ্বব্যাংকের এ কান্ট্রি ডিরেক্টর। তিনি বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় বেশ কয়েক বছর ধরে বেসরকারি বিনিয়োগ একই বৃত্তে আটকে আছে। যদি উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে হয়, তাহলে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। আর বিনিয়োগ বাড়াতে হলে বিদ্যুৎ-জ্বালানি, অবকাঠামো-সুবিধা বাড়ানোর পাশাপাশি আইনকানুন সহজ করা খুবই জরুরি। অভ্যন্তরীণ অর্থে উন্নয়ন বাজেট বাস্তবায়নের পরিবর্তে বৈদেশিক মুদ্রার ব্যবহারের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন চিমিয়াও ফান।
বিশ্বব্যাংক বলছে, ঘোষিত বাজেটে রাজস্ব আদায়ের যে প্রবৃদ্ধি ধরা হয়েছে, অতীতে জাতীয় রাজস্ব বোর্ড কখনো এত উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি। এবারের বাজেটে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা অর্জন করতে হলে গত বছরের চেয়ে সাড়ে ৩৭ শতাংশ প্রবৃদ্ধি ঘটাতে হবে। বিশ্বব্যাংক মনে করে, রাজস্ব আহরণের এ লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রে অতি প্রাক্কলন করা হয়েছে। বারবার যদি এ ধরনের অতি প্রাক্কলিত লক্ষ্যমাত্রা ঠিক করার পর তা অর্জিত না হয়, তাতে প্রাক্কলনের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়।
জাহিদ হোসেন বলেন, কর আদায় বাড়াতে কর প্রশাসনের কিছু সংস্কারের কথা বলা হয়েছে। কিন্তু কবে কখন সেসব সংস্কার বাস্তবায়ন করা হবে, তা সুনির্দিষ্ট করা হয়নি।
বিশ্বব্যাংক বলছে, ঘোষিত বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে। একদিকে প্রবৃদ্ধি বাড়বে, অন্যদিকে মূল্যস্ফীতি কমবে। একসঙ্গে এ দুই অর্জন খুবই কঠিন। অর্থনীতির হিসাবে চাহিদা ও জোগান বাড়িয়ে প্রবৃদ্ধি বাড়ানোর হিসাব করা হয়। প্রস্তাবিত বাজেটে অর্থনীতিতে জোগান বাড়ানোর কিছু পদক্ষেপের কথা বলা হলেও চাহিদা বাড়ানোর বিষয়ে সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত নেই।
ঘাটতি অর্থায়ন ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্প বাস্তবায়নে বিদেশি সাহায্য বাড়ানোর বিষয়ে বিশ্বব্যাংক বলছে, পাইপলাইনে প্রায় ২ হাজার ১০০ কোটি ডলারের প্রতিশ্রুত অর্থ রয়েছে। প্রতিশ্রুত বৈদেশিক এ অর্থ খরচ করতে এডিপি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি ঘটাতে হবে।
বেসরকারি খাতের বিনিয়োগ ও রাজনৈতিক অনিশ্চয়তার বিষয়ে এক প্রশ্নের জবাবে বিশ্বব্যাংকের দুই কর্মকর্তা বলেন, দীর্ঘমেয়াদি ও উচ্চ হারে বেসরকারি বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে বেসরকারি বিনিয়োগকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২২ শতাংশ থেকে ২৫ শতাংশে উন্নীত করার ক্ষেত্রে রাজনৈতিক অনিশ্চয়তা বড় কোনো বাধা নয়।