দেশে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় সুবিধাভোগীর সংখ্যা খুবই কম। ইউরোপে এ খাতে ব্যয় করা হয় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১০ শতাংশ। আর বাংলাদেশে তা মাত্র জিডিপির ২ শতাংশ। এর মধ্যে রয়েছে আবার রাজনীতি। রাজনৈতিকীকরণই সামাজিক নিরাপত্তাবেষ্টনীর উদ্দেশ্যকে ব্যাহত করছে। গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত চার দিনব্যাপী ২০ বছর পূর্তি ও উন্নয়ন মেলার দ্বিতীয় দিনের সেমিনারে এসব বক্তব্য উঠে এসেছে। সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এতে প্রধান অতিথি ছিলেন। আর বিশেষ অতিথি ছিলেন সাংসদ সাবের হোসেন চৌধুরী। বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ‘বাংলাদেশে সামাজিক নিরাপত্তাবেষ্টনী: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ।এনামুল হক মোস্তফা শহীদ বলেন, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে এদের প্রধানেরা নিজেদের স্বার্থে ব্যবহার করছেন। এ কারণে দেশ থেকে দারিদ্র্য কমছে না। তিনি প্রশ্ন তুলে বলেন, ক্ষুদ্রঋণ দেশে কতজন দরিদ্রকে স্বাবলম্বী করতে পেরেছে। অথচ ঋণের টাকা আদায়ের জন্য তারা দরিদ্র ঋণগ্রহীতার ঘরের চালের টিন খুলে নিয়ে আসছে। দারিদ্র্য দূরীকরণ প্রসঙ্গে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ভূমির ওপর কৃষকের অধিকার প্রতিষ্ঠা না হলে দারিদ্র্য বিমোচন হবে না। কৃষিজমিতে দরিদ্র চাষির মালিকানা নেই, অথচ লন্ডনে বসে ভূমির মালিকানা ভোগ করছেন ধনীরা। তিনি আরও বলেন, ভেবে দেখার সময় এসেছে এ দেশে আসলে ক্ষুদ্রঋণের প্রয়োজন আছে কি না। মূল প্রবন্ধে অধ্যাপক এম এম আকাশ বলেন, রাজনৈতিকীকরণ মাতৃত্ব ভাতা, ভিজিএফ—এসব কর্মসূচির উদ্দেশ্যকে ব্যাহত করছে। এ থেকে উত্তরণের জন্য তিনি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের প্রতি গুরুত্বারোপ করেন তিনি। সাবের হোসেন চৌধুরী বলেন, সামাজিক নিরাপত্তাবেষ্টনী সম্প্রসারণ করে দেশ থেকে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। দরকার রাজনৈতিক সদিচ্ছা ও দিকনির্দেশনা। নইলে কোনো অর্থই প্রকৃত সুবিধাভোগীর হাতে পৌঁছাবে না। এ বিষয়ে সংসদে আলোচনা হওয়া উচিত বলে মনে করেন তিনি। আবুল বারকাত বলেন, সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করা হলে ক্ষুদ্রঋণের প্রয়োজন হতো না। আওয়ামী, জাতীয়তাবাদী ও জামায়াতীকরণের কারণে প্রকৃত সুবিধাভোগীরা সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতার বাইরে থাকে। তিনি বলেন, স্বল্প সুদে প্রচলিত ব্যাংকের মাধ্যমে ঋণসুবিধা সম্প্রসারণ করা গেলে এ দেশ থেকে এনজিওগুলোর সুদের ব্যবসা বন্ধ করা যাবে।উন্নয়ন মেলা: শনিবার থেকে উন্নয়ন মেলা শুরু হয়েছে। কাল মঙ্গলবার মেলার শেষ দিন। মেলায় সারা দেশের ৯৩টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে ঢাকার প্রতিষ্ঠানই ৫০টি। মোট স্টল ১৩০টি। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭০টি প্রতিষ্ঠান পিকেএসএফের সহযোগী সংস্থা। বাকি ২৩টি পিকেএসএফের সহযোগী সংস্থা নয়। মেলা ঘুরে জানা গেছে, বাগেরহাটের হেল্প নামের সংস্থা নারকেলের খোল থেকে বোতাম ও হাতব্যাগ এবং ছোবড়া থেকে দড়ি, শরীয়তপুরের এসডিএস তামা-কাঁসার তৈজসপত্র, বগুড়ার জিইউকে বিছানার চাদরে কারুকাজ, দিনাজপুরের গ্রাম বিকাশ কেন্দ্র মাটির খেলনা ও গৃহসজ্জা সরঞ্জাম, সাতক্ষীরার নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন শাঁখা তৈরি ও কাঁকড়া চাষ, সাভারের পল্লী মঙ্গল কর্মসূচি পাঁঠা পালন, জয়পুরহাটের জাকস ফাউন্ডেশন কচুরলতি চাষে ঋণ দিয়েছে। এ ছাড়া ঢাকার এসডিআই ঋণ দিয়েছে ধাতব হস্তশিল্প ও পাটের তৈরি ব্যাগ, পপি পাটের তৈরি সিকা, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র বাদ্যযন্ত্র এবং সেমস ঋণ দিয়েছে কাঠের হারিকেন তৈরিতে।