প্রতিদিন গড়ে ২০ টন পাটজাত পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে রাজবাড়ীতে বেসরকারি উদ্যোগে শতভাগ রপ্তানিমুখী নতুন একটি বেসরকারি পাটকলের যাত্রা শুরু হয়েছে।উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে, ৪২ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয় রাজবাড়ী জুট মিলস লিমিটেড নামের এই পাটকল। এর মধ্যে তাঁরা নিজেরা জোগান দিয়েছেন ২৫ কোটি টাকা, আর জনতা ব্যাংকের ফরিদপুর শাখা থেকে নিয়েছেন ১৭ কোটি টাকার ঋণ। প্রতিষ্ঠানটিতে ১৫৬ জন কর্মকর্তা-কর্মচারী এবং এক হাজার ৩৮২ জন শ্রমিক রয়েছেন। এতে মোট ১৪টি স্পিনিং ফ্রেম নিয়ে নির্মিত এই পাটকলে দৈনিক ২০ টন করে সুতলি ও চট তৈরি করা হচ্ছে।১০ জন অংশীদার মিলে রাজবাড়ী শহর থেকে প্রায় ছয় কিলোমিটার পূর্বে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর এলাকায় প্রায় সাড়ে সাত একর জমির ওপর এই পাটকল গড়ে তোলেন।নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান প্রধান অতিথি হিসেবে গত শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই পাটকল এবং এটির চলতি ২০১০-১১ অর্থবছরের পাট ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। পাটকলটির চেয়ারম্যান শেখ শামসুল আবেদীনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, জনতা ব্যাংকের পরিচালক মো. নাজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়ালি উল্লাহ মিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।অনুষ্ঠানে কোম্পানির ভাইস চেয়ারম্যান মোমিনুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক কাজী দিদারুল আলম ও মহাব্যবস্থাপক মো. শহিদুজ্জামানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উদ্যোক্তারা জানান, শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলেও এতে অবশ্য উৎপাদন কার্যক্রম শুরু হয় ২০০৯ সালের সেপ্টেম্বর মাস থেকে।মো. শাজাহান খান বলেন, গত জোট সরকার লোকসানের কথা বলে দেশের বৃহত্তম পাটকল আদমজী জুট মিলসহ বড় শিল্প ও কল-কারখানাগুলো বন্ধ করে দেয়। এতে দেশের হাজার হাজার শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন। মন্ত্রী বলেন, বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দেশের সব বন্ধ কারখানা আবার নতুনভাবে চালু করতে শুরু করেছে। জোট সরকারের আমলে দেশের বৃহত্তম আদমজী জুট মিলসহ বন্ধ করে দেওয়া নয়টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সাতটিই চালু হয়ে গেছে। বাকিগুলোও খুব শিগগির চালু করা হবে।এ ছাড়া রাজবাড়ী জেলার বন্ধ হওয়া একমাত্র সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান গোয়ালন্দ টেক্সটাইল মিলস লিমিটেডও দ্রুত চালু করার ব্যাপারে স্থানীয় সাংসদকে উদ্যোগ নিতে বলেন শাজাহান খান।