রাজশাহী উইমেন চেম্বারের বর্ষপূর্তি উদ্যাপন
নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করেছে রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে নগরের রানীবাজারে একটি রেস্তোরাঁয় কেক কাটা, আলোচনা সভা, মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। রাজশাহী উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি রোজেটি নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মনিরুজ্জামান এবং টিএমএসএস বগুড়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশকে এগিয়ে নিতে হলে নারীদের এগিয়ে নিতে হবে। এ জন্য প্রয়োজন নারীর ক্ষমতায়ন। নারীদের ক্ষমতায়ন তখনই সম্ভব হবে, যখন নারীরা নিজেরাই অর্থ উপার্জন করতে পারবে। বক্তারা বলেন, দেশে এখন অনেক নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে। তাঁদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যাঁরা উদ্যোক্তা হিসেবে ব্যবসা-বাণিজ্যে আসছেন, তাঁদের উচিত অন্যদেরও এই কাজে উৎসাহিত করা।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের এক বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। এরপর বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়। পরে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চেম্বারের পরিচালকসহ সদস্যরা উপস্থিত ছিলেন।