রাজশাহী ও বরিশালে উড়বে ইউএস বাংলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল ও ঢাকা-রাজশাহী পথে ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম চালু করতে যাচ্ছে বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইনস।
এর মধ্যে ১০ জুলাই থেকে ঢাকা-বরিশাল ও ১১ জুলাই থেকে ঢাকা-রাজশাহী পথে উড়তে শুরু করবে বেসরকারি এই বিমান সংস্থার উড়োজাহাজ।
প্রাথমিকভাবে দুটো পথেই করসহ একমুখী ভাড়া পড়বে ৩ হাজার ২০০ টাকা। রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে বিমান সংস্থাটি এ তথ্য জানিয়েছে। এতে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন।
সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল মামুন জানান, ঢাকা-বরিশাল পথে মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রোববার উড়বে ইউএস বাংলা।
আর ঢাকা-রাজশাহী পথে সপ্তাহে তিন দিন শনি, সোম ও বুধবার তাঁদের ফ্লাইট চলাচল করবে।