রাজশাহী চেম্বারের নির্বাচন বাতিলের দাবি ব্যবসায়ীদের একাংশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী চেম্বার অব কমার্সের আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের তফসিল ও নির্বাচন কমিশন বাতিলের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের একটি অংশ।গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে ‘প্রকৃত ব্যবসায়ীদের ভোটার হওয়ার সুযোগ না দেওয়া’ এবং বর্তমান সভাপতির বিরুদ্ধে ‘পরিবারতন্ত্র কায়েমের’ অভিযোগ এনে এই দাবি জানানো হয়। দাবি না মানা হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকিও দেওয়া হয় সংবাদ সম্মেলনে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক জিয়াউল হক। এতে অন্যান্যের মধ্যে বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী শাখার সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার, চেম্বারের সাবেক পরিচালক সাদরুল ইসলাম, আবদুর রহমান, জিয়া উদ্দিন, ব্যবসায়ী রমজান আলী, আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বলা হয়, রাজশাহীর প্রকৃত ও স্বনামধন্য ব্যবসায়ীরা একাধিকবার আবেদন করেও ‘অদৃশ্য কারণে’ চেম্বারের সদস্য হতে পারেননি। অথচ রাজশাহীর ব্যবসায়ীদের সর্বোচ্চ এই সংগঠনটিকে ভবিষ্যতেও অকার্যকর করে রাখতে নগরের বাইরের কিছু গ্রামের খেটে-খাওয়া মানুষকে ভোটার তালিকায় স্থান দিয়ে এক নীলনকশা বাস্তবায়নের ষড়যন্ত্র করা হচ্ছে।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বর্তমানে যে কমিটি রাজশাহী চেম্বার পরিচালনা করছে, তা অবৈধ। ভুয়া ভোটারদের মাধ্যমে নির্বাচিত হওয়ায় এই কমিটিকে বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দেয়নি। এরপরও প্রভাব খাটিয়ে তারা কার্যক্রম চালাচ্ছে। এই কমিটির সহসভাপতিকে বাণিজ্য মন্ত্রণালয় অনেক আগেই অবৈধ ঘোষণা করেছে। এরপরও তিনি বহাল তবিয়তে রয়েছেন।এদিকে রাজশাহী চেম্বারের বর্তমান সভাপতি আবু বাক্কার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনী বিধি অনুযায়ীই প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে। নতুন কিছু ব্যবসায়ী হঠাৎ করে ভোটার হতে চাইছেন। কিন্তু বিধি অনুযায়ী নির্বাচনের ১২০ দিন আগে সদস্য না হলে কাউকে ভোটার করা যায় না। এ ধরনের কয়েকজন ভোটার হতে না পেরে ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।’চেম্বারকে আত্মীয়করণের অভিযোগ প্রসঙ্গে আবু বাক্কার আলী বলেন, ‘যোগ্যতা থাকলে আত্মীয়রা ভোটার হতে পারবেন না এমন কোনো বিধান নেই।’ এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন না থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, ‘অনুমোদন না থাকলে তিনি দুই বছর ধরে ক্ষমতায় আছেন কী করে। এগুলো সব ভুয়া কথাবার্তা।’