রাজশাহী চেম্বারের নির্বাচন স্থগিত, প্রশাসক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তদন্তে ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম ধরা পড়ায় আজ বুধবার অনুষ্ঠেয় রাজশাহী শিল্প ও বণিক সমিতির নির্বাচন স্থগিত করে প্রশাসক নিয়োগ করা হয়েছে।রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মো. আবদুস সামাদ গতকাল চেম্বারের প্রশাসকের দায়িত্ব নেন। জানা গেছে, রাজশাহী চেম্বারের নতুন প্রশাসক ৩০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে পরবর্তী ১২০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব তুলে দেবেন। সংশ্লিষ্ট সূত্রমতে, রাজশাহী চেম্বারের ২০১১-১২ সাল মেয়াদি কার্যনির্বাহী পর্ষদের নির্বাচনের জন্য তৈরি করা ভোটার তালিকায় টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের নামে ভুয়া ভোটার অন্তর্ভুক্ত করার অভিযোগ তোলা হয়। ১০ জন ব্যবসায়ী গত ১৯ ডিসেম্বর রাজশাহী জেলা প্রশাসকের কাছে বিষয়টি তদন্তের জন্য আবেদন করেন। সে অনুযায়ী রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মো. আবদুস সামাদকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। গত ১১ জানুয়ারি দাখিল করা তদন্ত প্রতিবেদনে বলা হয়, ট্রেড গ্রুপ বা অ্যাসোসিয়েশনের সুনির্দিষ্ট কোনো কার্যালয় ও ২৩ জন সদস্যের ট্রেড লাইসেন্সসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।রাজশাহী জেলা প্রশাসক গত ১৩ জানুয়ারি তদন্ত প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠান। এর পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় গত ২৭ জানুয়ারি রাজশাহী চেম্বারের নির্বাচন স্থগিত করে প্রশাসক নিয়োগের আদেশ দেয়।