রাজশাহী ডিজিটাল প্লাসকে ১০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এ রকম পাঁচটি কোম্পানিকে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কোম্পানিগুলো হলো: রাজশাহী ডিজিটাল প্লাস, রাসপিট ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনস, ফাহাদ ইন্ডাস্ট্রিজ, আমাম সি ফুড ইন্ডাস্ট্রিজ ও খাজা মোজাইক টাইলস অ্যান্ড স্টোন ইন্ডাস্ট্রিজ।এসব কোম্পানির মধ্যে রাসপিট, ফাহাদ, আমাম সি ও খাজা মোজাইককে সময়মতো আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। অন্যদিকে রাজশাহী ডিজিটাল প্লাস কোম্পানিকে ভুয়া নিরীক্ষা সনদ জমা দেওয়ার দায়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ কোম্পানি অবশ্য দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়। গতকাল মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এসব জরিমানার সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এসইসি জানিয়েছে, রাজশাহী ডিজিটাল প্লাস মূলধন বাড়ানোর আবেদন জানিয়ে গত ১২ নভেম্বর এসইসিতে প্রস্তাব জমা দেয়। ওই আবেদনের সঙ্গে কোম্পানিটি তাদের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের একটি সনদ (অডিটর সার্টিফিকেট) জমা দেয়।কিন্তু সেই সনদের সত্যতা নিয়ে কমিশনের সন্দেহ হয়। এ কারণে কমিশন সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিষ্ঠানের কাছে জানতে চায়। সেই প্রতিষ্ঠান থেকে জানানো হয়, ওই কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। পরে কমিশন ওই সনদকে ভুয়া হিসেবে চিহ্নিত করে। তাই কমিশন মূলধন বাড়ানোর আবেদনের সঙ্গে ভুয়া সনদ জমা দেওয়ায় কোম্পানিটিকে ১০ লাখ টাকা জরিমানা ও কালো তালিকাভুক্ত করেছে। একই সঙ্গে বিষয়টি যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরের রাজশাহী শাখাকে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে এসইসি। এর বাইরে রাসপিট, ফাহাদ, আমাম ও খাজা মোজাইক কোম্পানি বিভিন্ন মেয়াদের আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ে জমা না দেওয়ার কারণে তাদের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।