রাজশাহী থেকে আট বছর পর উড়ল বিমান
টানা আট বছর বন্ধ থাকার পর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে আকাশে উড়ল বাংলাদেশ বিমানের উড়োজাহাজ।
বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন শাহ মখদুম বিমানবন্দরে গতকাল মঙ্গলবার কেক কেটে এই নবযাত্রার উদ্বোধন করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ৪৬ জন যাত্রী নিয়ে গতকাল বিকেল ৫টা ৫৮ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ৭৪ আসনের কানাডায় তৈরি ‘ড্যাশ-৮ কিউ’ মডেলের উড়োজাহাজ। এর নাম দেওয়া হয়েছে ‘মেঘদূত’। প্রতি শুক্র, রোব ও মঙ্গলবার বেলা তিনটা ২৫ মিনিটে রাজশাহী থেকে এটি ছেড়ে যাবে। ঢাকায় পৌঁছাবে বিকেল চারটা ১০ মিনিটে। টিকিটের মূল্য ২ হাজার ৭০০ টাকা।
উদ্বোধনকালে রাশেদ খান মেনন বলেন, ‘সমর্থন পেলে তিন দিনের পরিবর্তে রাজশাহী থেকে প্রয়োজনে ছয় দিন বিমান যাবে।’
রাজশাহী থেকে ১৯৮৪ থেকে ২০০৭ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিমানের ফ্লাইট চলাচল করত।