
রাজশাহী বিভাগীয় শহরের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের লোকজন সুপার মার্কেট বা অভিজাত বিপণিবিতান ও মার্কেটগুলোতে পুরোদমে ঈদের কেনাকাটা শুরু করেছেন। নিম্ন আয়ের অর্থাৎ গরিব মানুষেরাও নিজেদের সামর্থ্য অনুযায়ী ফুটপাত থেকে কেনাকাটা করছেন।
নগরের সাহেব বাজার, আরডি মার্কেট ও নিউ মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতান ও এলাকা ঘুরে ঈদবাজারের এমন চিত্রই দেখা গেছে। ক্রেতা-বিক্রেতারা বেশ আগ্রহ নিয়েই কেনাবেচা করছেন। নামীদামি মার্কেট ও বিপণিবিতানগুলোর ব্যবসায়ীদের অনেকেই আলাপকালে বলেন, উচ্চবিত্তদের বড় অংশই রাজশাহীর চেয়ে ঢাকা থেকে পোশাকসহ বিভিন্ন ঈদপণ্য কিনতে বেশি পছন্দ করেন।
আরডিএ মার্কেটে নগরের কালুমিস্ত্রির মোড় এলাকার এক ব্যবসায়ীর স্ত্রী আলিয়া রুপি জানান, নিজের শাড়ি ও স্বামীর পাঞ্জাবিসহ পরিবারের ছোট-বড় সবার জন্য এবার প্রায় ৬০ হাজার টাকার পোশাক কিনেছেন। দুই ননদের জন্যও কিছু উপহার পাঠিয়েছেন। ঈদ উপলক্ষে বিশেষ খানাপিনা আয়োজনে আরও ১০-১৫ হাজার টাকা খরচ করেছেন।
সংস্কৃতিকর্মী মনিরা রহমান উচ্চমধ্যবিত্ত পরিবারের সদস্য। ঈদের বাজেট সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, ৫০ হাজার টাকা রাখা হয়েছিল। কিন্তু তা থেকে ১০ হাজার টাকা একজন অদম্য মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হয়েছে। বাকি টাকায় পরিবারের সবার জন্য কেনা হয়েছে নতুন পোশাক।
নগরের কাজীহাটা এলাকার গৃহিণী ইশরাত জাহান প্রথম আলোকে বলেন, এবারের ঈদে তাঁদের বাজেট ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে থাকবে। ইতিমধ্যে বাচ্চাদের পোশাক কেনা হয়েছে। শিগগির নিজের ও আইনজীবী স্বামীসহ বাকি সবার জন্য কেনাকাটা শেষ করবেন।
খোজাপুর এলাকার রিকশাচালক আজিমুদ্দিন রোববার ফুটপাতে ঈদের কেনাকাটা করার সময় বলেন, নিজের জন্য কিছু কিনবেন না। স্ত্রী ও সন্তানদের জন্যই কেবল কাপড় কিনছেন।
বিক্রি বাড়াতে অনেক প্রতিষ্ঠান মূল্যছাড় দিচ্ছে। তেমনই একটি প্রতিষ্ঠান নগরের গ্রেটার রোড এলাকার আলমিরা আর্ট অ্যান্ড ফার্নিচারের স্বত্বাধিকারী আরাফাত রুবেল জানান, তাঁরা ঈদ সামনে রেখে ছাড় দিয়ে থাকেন। এতে বিক্রি প্রায় ২০ শতাংশের মতো বেড়ে যায়।
আরডিএ মার্কেটের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ঈদের লেনদেন নিয়ে কথা বলে জানা যায়, প্রতিদিন গড়ে তাঁদের প্রত্যেকের ৩০ থেকে ৪০ হাজার টাকা বেচাকেনা হচ্ছে। ১৫ রোজার পরে কেনাবেচা আরও বাড়বে। সরকারি কর্মচারীরা এখনো বোনাস পাননি। আবার বেসরকারি শিক্ষকেরাও এখনো মে মাসের বেতন পাননি। দুই-এক দিনের মধ্যেই হয়তো তাঁরা বেতন পেয়ে কেনাকাটা করতে আসবেন।
ঈদকে ঘিরে কত টাকার পোশাক বিক্রি হতে পারে, এমন প্রশ্নের জবাবে কয়েকটি মধ্যম শ্রেণির ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে বলেন, ১০-১২ লাখ টাকার মতো হবে।