রাজশাহীতে এই ঈদে চাহিদার শীর্ষে সিল্কের পোশাক
এবার ঈদে রাজশাহী সিল্কের বিক্রয়কেন্দ্রগুলোতে শাড়ি, পাঞ্জাবি ও ফতোয়া বিক্রির শীর্ষে রয়েছে। নগরের বিপণিবিতানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ভিড় লেগে রয়েছে। ক্রেতাদের বাড়তি চাহিদার কারণে সিল্কের শাড়িসহ বিভিন্ন ধরনের পোশাকে হাতের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকেরা।বাজারে গিয়ে জানা যায়, সিল্কের শাড়ির মধ্যে এবার মুসলিন সিল্কের কারচুপি, কাটোয়ার ও এপলিকের কাজ করা শাড়ি, এনডি সিল্কের ব্লক, আর্টপ্রিন্ট, তাঁতের ও হাতের কাজ করা শাড়ির বেশ চাহিদা রয়েছে। এসব শাড়ি সাড়ে তিন হাজার থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ছেলেদের পোশাকের মধ্যে ছোট ঝুলের পাঞ্জাবি, জামা ও ফতোয়ার চাহিদা সবচেয়ে বেশি। পাঞ্জাবি ৮০০ থেকে সাড়ে ছয় হাজার টাকায় এবং ফতোয়া এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে শিশুদের পাঞ্জাবি সব চেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা।