রাজশাহীতে এবার পারিজা ধানের ব্যাপক ফলন
রাজশাহী অঞ্চলে এবার গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ জমিতে আউশ ধানের চাষ হয়েছে। তুলনামূলক কম সেচে ভালো ফলন পাওয়া যায় বলে কৃষকদের সরকারিভাবে যেমন উদ্বুদ্ধ করা হয়েছে তেমনি তাঁরাও আগ্রহভরে অধিক জমিতে আউশ ধানের আবাদ করেছেন।তবে এই অঞ্চলে হাইব্রিড, উচ্চফলনশীল (উফশী) ও স্থানীয় জাতের মধ্যে পারিজা ধানের চাষাবাদই সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। বেশি ফলন পাওয়া যায় বলে কৃষকেরা দিনদিন এই ধানের আবাদে ঝুঁকে পড়ছেন। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতবার রাজশাহী অঞ্চলে যেখানে এক লাখ ৭১ হাজার হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছিল, সেখানে এবার হয়েছে দুই লাখ ২৮ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে ৭৭ হাজার হেক্টর জমিতেই আবাদ হয়েছে পারিজা ধানের। কৃষকেরাই প্রতিবেশী ভারতে উদ্ভাবিত এই জাতের ধান সংগ্রহ করেন। রাজশাহীতে এবার পারিজা ছাড়া হাইব্রিড জাতের হীরা এসিআই ও সোনার বাংলা, উচ্চফলনশীল (উফশী) জাতের পারিজা, বিআর-৩, ২৬ ও ২৭, ব্রি-২৮, জিরাশাইল এবং স্থানীয় ষাইট্টা, কটকতারা ও হাসিকলমি ইত্যাদি ধানের আবাদ হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কম সেচে ও অল্প সময়ের মধ্যে বেশি ফলন হয় বলে কৃষকদের এবার পারিজাসহ আউশ ধানের চাষাবাদে উদ্বুদ্ধ করা হয়েছে। এতে তাঁরা ব্যাপকভাবে সাড়া দেন। বদৌলতে এবার রাজশাহীতে আউশ ধান চাষের পরিমাণ বেড়ে প্রায় দেড় গুণ বেশি হয়েছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ইউনুস আলী প্রথম আলোকে বলেন, পারিজা কৃষকের সংগৃহীত জাত হলেও এটি উচ্চফলনশীল। রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট এলাকার প্রায় ৪০ শতাংশ জমিতে এবার এই ধানের চাষ হয়েছে।মো. ইউনুস আলী সম্প্রতি বগুড়ার নন্দীগ্রামে পারিজা ধান কাটার উদ্বোধন করেন। তিনি জানান, সেখানে এবার হেক্টরপ্রতি ২ দশমিক ৪ মেট্রিক টন হারে ফলন হয়েছে।নওগাঁর পোরশা উপজেলার কুলাডাঙ্গা গ্রামের কৃষক সাজ্জাদ আলী প্রথম আলোকে জানান, তিনি এবার সাত বিঘা জমিতে পারিজা জাতের ধান চাষ করেছেন। জমিতে বিঘাপ্রতি ১৮ থেকে ২৪ মণ পর্যন্ত ফলন হয়েছে, যা অন্যান্য ধানের ফলনের চেয়ে বেশি।রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর মহল্লার কৃষক নাজমুল হক জানান, তাঁর এলাকায় প্রায় অর্ধেক কৃষক পারিজা জাতের ধান চাষ করেছেন। বাকি জমিতে অন্যান্য জাতের ধানের আবাদ হয়েছে। তাঁরা প্রতি বিঘায় প্রায় ২০ মণের মতো ফলন পেয়েছেন বলে জানান।