রাজশাহীতে করদাতা ও আয়করের পরিমাণ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কর অঞ্চলে এবার করদাতা, করের পরিমাণ ও কর আদায়ের হার বেড়েছে। জাতীয় আয়কর দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার রোকেয়া খাতুন এ কথা বলেন।রোকেয়া খাতুন জানান, গত ২০০৯-১০ অর্থবছরে এ অঞ্চলে কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২০৭ কোটি টাকা। এর মধ্যে আদায় হয়েছে ১৭৭ কোটি ২১ লাখ ৪০ হাজার ৮৭৯ টাকা। রোকেয়া খাতুন আরও জানান, ২০০৬-০৭ অর্থবছরে এ অঞ্চলে করদাতার সংখ্যা ছিল এক লাখ ১৬ হাজার ৮৮৯ জন এবং কর আদায়ের পরিমাণ ছিল ১৩৫ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬৮৩ টাকা। আর ২০০৮-০৯ অর্থবছরে করদাতার সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৩২ হাজার ৪০৮ জন এবং কর আদায় হয়েছে ১৭৭ কোটি ২১ লাখ ৪০ হাজার ৮৭৯ টাকা। মতবিনিময় সভায় আজ বুধবার জাতীয় আয়কর দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজনের কথা জানানো হয়। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও বগুড়া জেলা নিয়ে রাজশাহী অঞ্চলিক কর অঞ্চল গঠিত। এ অঞ্চলে ১৮ সার্কেল ও তিন রেঞ্জ অফিস রয়েছে।আয়কর দিবসে এই কর অঞ্চলে ৪৫ জন করদাতাকে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে সম্মাননা ও সনদ দেওয়া হবে। রাজশাহী জেলায় সবচেয়ে দীর্ঘ সময় ধরে আয়কর দেওয়ার জন্য দুই ব্যক্তিকে সম্মাননা দেওয়া হচ্ছে। তাঁরা হচ্ছেন, চারঘাট উপজেলার হাবিবুর রহমান ও মাহবুবুল আলম। এ ছাড়াও জেলায় সর্বোচ্চ পরিমাণ কর দেওয়ার জন্য পুঠিয়া উপজেলার মজির উদ্দিন, পবা উপজেলার আবদুল লতিফ ও হায়দার আলীকে একই অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হবে।