রাজশাহীতে কৃষকদের অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে কৃষকদের এবার সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনতে হচ্ছে।জেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক সভায় গত বৃহস্পতিবার খোদ কমিটির উপদেষ্টা ও রাজশাহী-৩ আসনের সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা এ অভিযোগ তোলেন।এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারাও স্বীকার করেন যে খুচরা বিক্রেতারা বেশি দামে সার বিক্রি করছেন। সে জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ওই খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় বিসিআইসির ৮৭ জন এবং বিএডিসির ৫৯ জন সার ডিলার রয়েছেন। এ ছাড়া ৭৬৫ জন সাব-ডিলার আছেন। তাঁদের মধ্যে ৫১২ জন ৩০ হাজার টাকা করে জামানত দিয়ে নিয়োগ পেয়েছেন। অন্যদের নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।সূত্রমতে, নভেম্বর মাসে বিসিআইসি ও বিএডিসির ডিলারদের জন্য মোট ইউরিয়া সাত হাজার ১০০ মেট্রিক টন, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) দুই হাজার ২৭৫ মেট্রিক টন, ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) তিন হাজার ৫৯৪ মেট্রিক টন, এমওপি (পটাশ) দুই হাজার ৫৪৬ মেট্রিক টন বরাদ্দ করা হয়। এসব সারের সরকার-নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে ৫০ কেজি ওজনের প্রতি বস্তা ইউরিয়া সার ৬০০ টাকা, টিএসপি এক হাজার ১০০ টাকা, এমওপি (পটাশ) ৭৫০ টাকা ও ডিএপি এক হাজার ৩৫০ টাকা।মেরাজ উদ্দিন মোল্লা বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, তিনি গত মঙ্গলবার তাঁর এলাকার রামচন্দ্রপুর হাটে গিয়ে দেখেন যে কৃষকেরা সারের জন্য হইচই করছেন। কারণ তাঁদের বেশি দামে সার কিনতে হচ্ছে।মেরাজ উদ্দিন মোল্লা আরও বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ইউরিয়া সার আর নন-ইউরিয়া (টিএসপি, এমওপি ও ডিএপি) সার জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দ দেওয়া হয়। এই আমলাতান্ত্রিক জটিলতার অবসান না হলে সারের সংকট যাবে না।বাঘা উপজেলার স্কুলশিক্ষক ইফুল হাসনাত জানান, কৃষকদের টিএসপি সার সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে অন্তত ৬০০ টাকা বেশি দরে এক হাজার ৭০০ টাকায় প্রতি বস্তা সার কিনতে হচ্ছে। এমওপি (পটাশ) সারের দামও বেশি নেওয়া হচ্ছে।বাঘা উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা আবদুল কাইয়ুম প্রথম আলোকে জানান, কৃষকদের কাছ থেকে অভিযোগ পেয়ে তাঁরা ডিলারদের চিঠি দিয়ে সতর্ক করেছেন।গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর মহল্লার কৃষক নাজমুল হক বলেন, খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে তাঁদের প্রতি বস্তা ডিএপি সার দেড় হাজার এবং পাইকারি ডিলারদের কাছ থেকে এক হাজার ৪৫০ টাকায় কিনতে হচ্ছে।পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের কৃষক মানিকুল ইসলাম জানান, সরকার-নির্ধারিত এক হাজার ১০০ টাকা বস্তার টিএসপি সার তাঁদের এলাকায় এক হাজার ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উৎপাদন বিশেষজ্ঞ মুনসুর রহমান বলেন, চাহিদা অনুযায়ী তাঁদের সারের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। কোথাও সংকট হওয়ার কথা নয়। তবে তিনি অভিযোগ পাওয়ার কথা জানিয়ে বলেন, অননুমোদিত খুচরা বিক্রেতারাই বেশি দামে সার বিক্রি করছেন।