রাজশাহীতে তাঁতবস্ত্র মেলা ও মেহেদি উৎসবে ঈদের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার রাজশাহীতে ঈদের কেনাকাটায় নতুন মাত্রা যোগ করেছে বস্ত্র ও তাঁতশিল্প মেলা এবং মেহেদি উৎসব।আমরা রাজশাহীবাসী, রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী মহানগর পুলিশ যৌথভাবে প্লাজায় এই উৎসবের আয়োজন করেছে।নগরের গ্রিন প্লাজায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে এই মেলা। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা ৯১টি স্টলে নানা ধরনের ঈদপণ্য নিয়ে এসেছেন।ঢাকার চাঁদনীচক এসি মার্কেট থেকে আসা নিপা থ্রি-পিস সেন্টারের স্বত্বাধিকারী মোবারক হোসেন জানান, গত বছরও তাঁরা এই মেলায় এসেছিলেন। এবারও জমজমাট বেচাকেনা হয়েছে।নগরের ডিঙ্গাডোবা ব্যাংক কলোনির গৃহবধূ তাসমে জানান, তিনি শুধু মণিপুরি তাঁতের থ্রি-পিসের জন্যই মেলায় এসেছেন। এখানে হরেক রকমের থ্রি-পিসের সমারোহ রয়েছে, যা রাজশাহীর আর কোথাও একসঙ্গে দেখার সুযোগ নেই। কক্সবাজার থেকে আসা ‘ঝিনুক কসমেটিক অ্যান্ড পার্ল হ্যাভেন’-এর স্বত্বাধিকারী মোহাম্মদ শাজাহান জানান, তাঁরা ঝিনুক ও ইমিটেশন সামগ্রী নিয়ে এসেছেন। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত তাঁদের স্টলে ক্রেতা-দর্শকদের ব্যাপক সমাগম ঘটছে।কুমিল্লা খদ্দর ভান্ডারের মালিক হুমায়ুন কবির জানান, গত বছরের মতো এবারও তাঁদের স্টলে খদ্দরের পাঞ্জাবি ও ফতোয়াসহ বিভিন্ন ধরনের পোশাকের বেচাকেনা ভালোই হচ্ছে। তাঁর কথার সত্যতা পাওয়া স্কুলশিক্ষিকা দুলারী খাতুনের বক্তব্যে। তিনি জানান, সাধারণত ফতোয়া বাজারে পাওয়া যায় না। এ জন্যই মেলায় কিনতে এসেছেন।মেলায় ঢাকার দি ব্ল্যাক সুজ নিয়ে কম দামি স্যান্ডেল-জুতা। যেখানে ছোট-বড় সবার পায়ের স্যান্ডেল পাওয়া যায় ১৫০ টাকায়। এ ধরনের দামে পছন্দের পণ্য পাওয়া সন্তোষ প্রকাশ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মাহামদুল হাসান।এদিকে মেলার একপাশে চলছে মেহেদি উৎসব। এখানে তরুণীরা নিজেদের হাতে মেহেদির নকশা করিয়ে নিচ্ছেন। সেখানে ছয়জন তরুণী মেহেদি নিয়ে সারা দিন প্রস্তুত হয়ে রয়েছেন। তাঁরা ৫০ থেকে ১৫০ টাকায় তরুণীদের হাতে মেহেদি দিয়ে বিভিন্ন ধরনের নকশা তৈরি করে দিচ্ছেন। তাঁদের একজন আইরিন আক্তার জানান, বিভিন্ন উৎসবে মেয়েদের সাজার ব্যাপারটা এখন পার্লারভিত্তিক হয়ে গেছে। এই প্রথাটা ভাঙার জন্যই তাঁরা এই উৎসবের আয়োজন করেছেন এবং এতে ভালো সাড়া পড়েছে। মেলা ছাড়াও রাজশাহীতে আরডিএ মার্কেট, নিউমার্কেট, বিসিক এলাকার সপুরা সিল্ক মিলসের বিক্রয়কেন্দ্রেও এখন জমজমাট কেনাবেচা চলছে। মেলার আয়োজক আমরা রাজশাহীবাসীর সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহাম্মেদ জানান, ঈদ উৎসব সামনে রেখে তাঁরা স্বল্প আয়ের মানুষের কেনাকাটার সুবিধার্থে এই মেলার আয়োজন করেছেন। তিনি বলেন, এখানে অত্যন্ত নিরিবিলি পরিবেশে সবাই কেনাকাটা করতে পারছেন। এখানে সিল্ক ফ্যাক্টরিগুলো নিজস্ব বিক্রয়কেন্দ্র খুলে বাজারের চেয়ে অপেক্ষাকৃত কম দামে রেশমের কাপড়-পোশাক বিক্রি করছে।