রাজশাহীতে নতুন শিল্পনগর হচ্ছে
রাজশাহীতে শিগগিরই বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে একটি নতুন শিল্পনগর স্থাপনের কাজ শুরু হচ্ছে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ৩০ একর জমির ওপর রাজশাহী বিসিক শিল্পনগর সম্প্রসারণের প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন হয়েছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে ৩০ একরের বদলে ৫০ একর জমির ওপর ১৩২ কোটি টাকা ব্যয়ে রাজশাহী বিসিক শিল্পনগর সম্প্রসারণের প্রস্তাবটি বর্তমানে পরিকল্পনা কমিশনে বিবেচনাধীন আছে।
ওই শিল্পনগরে ৩০৮টি প্লট থাকবে এবং সেখানে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান মন্ত্রী।
বিসিকের রাজশাহী শিল্পনগরে গতকাল রোববার নিলয় ওসমান মোটর ইন্ডাস্ট্রিজের অটো মোটর শিল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। বিসিকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিলয় ওসমান মোটরের এমডি আবদুল মাতলুব আহ্মাদের সভাপতিত্বে অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাংসদ ওমর ফারুক চৌধুরী ও আইন উদ্দিন, বিসিকের চেয়ারম্যান আহমদ হোসেন খান, রাজশাহী চেম্বারের সভাপতি মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।