রাজশাহীতে বার্ড ফ্লুর ক্ষতিপূরণ নিয়ে গড়িমসির অভিযোগ
রাজশাহীতে বার্ড ফ্লু আক্রান্ত মুরগি নিধনের পাঁচ মাস পরও আবুল কাশেম নামে এক খামারি ক্ষতিপূরণের টাকা পাননি। দেড় মাস আগে বরাদ্দের টাকা এলেও জেলা প্রশাসনের সাধারণ শাখা তা দিতে গড়িমসি করছে বলে ওই খামারি অভিযোগ করেছেন।আবুল কাশেম প্রথম আলোকে জানান, তিনি ঋণ করে এই ব্যবসায় নামেন। মুরগি নিধন ও ডিম ধ্বংসের পর তিনি বেকার ও নিঃস্ব হয়ে গেছেন। চরম অর্থসংকটে পড়ে তিনি ধারদেনা করে চলছেন। অন্যদিকে ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদ বাড়ছে। এতে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি রাতে আবুল কাশেমের খামারে কয়েকটি মুরগি মারা যায়। তা জেলা প্রাণিসম্পদ কার্যালয়কে অবহিত করা হলে তারা নমুনা সংগ্রহ করে প্রথমে জয়পুরহাটের ল্যাবরেটরিতে এবং পরে ঢাকায় কেন্দ্রীয় ল্যাবরেটরিতে পাঠানো হয়। এরই মধ্যে অবশ্য খামারের দুই হাজার ২০০ মুরগি মারা যায় এবং সেগুলো গর্ত করে পুঁতে ফেলা হয়। ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা থেকে আসা প্রতিবেদনে মরা মুরগিগুলো বার্ড ফ্লু আক্রান্ত ছিল বলে উল্লেখ করা হয়।ওই রাতেই আটটার দিকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, রাজশাহী মহানগর পুলিশের প্রতিনিধি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে নিধন ও মূল্যায়ন কমিটির সদস্য-সচিব জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার তত্ত্বাবধানে খামারটির ৩৬ সপ্তাহ বয়সী দুই হাজার ৬৮৭টি লেয়ার মুরগি নিধন ও চার হাজার ৩৬৫টি ডিম ধ্বংস করা হয়। এর বিপরীতে আবুল কাশেমের জন্য ক্ষতিপূরণ বাবদ ১২ লাখ ৭৯ হাজার ২২৫ টাকার বরাদ্দ চেয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়।এদিকে রাজশাহীর জেলা প্রশাসক আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, ‘আইনগত কোনো সমস্যা না থাকলে ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করার কোনো কারণ নেই।’ তবে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।