রাজশাহীতে শিল্পকারখানা প্রতিষ্ঠায় সোনালী ব্যাংক সহযোগিতা দেবে
উদ্যোক্তা ও ব্যবসায়ীদের রাজশাহী অঞ্চলে শিল্প ও কলকারখানা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির। এ ক্ষেত্রে সোনালী ব্যাংক সার্বিক সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন।রাজশাহীর খড়খড়ি এলাকায় গত রোববার দৈনিক ২০০ টন চাল উৎপাদন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক শাহ মখদুম মডার্ন রাইস মিলস লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশ্বাস দেন।শাহ মখদুম মডার্ন রাইস মিলসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর পুলিশ কমিশনার ওবায়দুল্লাহ, রাজশাহী চেম্বারের সভাপতি বাক্কার আলী এবং সোনালী ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক হাসান ইকবাল ও রাজশাহী করপোরেট শাখার সহকারী ব্যবস্থাপক বেগম মমতাজ চৌধুরী। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টের সাহায্যে রাইস মিলসটির কার্যক্রম তুলে ধরেন এর নির্বাহী পরিচালক ময়েনউদ্দিন মাহমুদ চৌধুরী।