রাজশাহীতে সিল্ক জাদুঘর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে অবস্থিত রেশম বোর্ড ভবনে একটি মিনি মিউজিয়াম বা ক্ষুদ্র জাদুঘর উদ্বোধন করা হয়েছে।বাংলাদেশ রেশম বোর্ডের চেয়ারম্যান সুনীল চন্দ্র পাল গতকাল মঙ্গলবার এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রেশম বোর্ডের সদস্য (অর্থ ও পরিকল্পনা) স্বপন চন্দ্র পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বোর্ডের সদস্য (সম্প্রসারণ ও প্রচেষ্টা) এমদাদুল হক, সাবেক জ্যেষ্ঠ উপপ্রধান কর্মকর্তা মনোয়ারা ইসলাম, অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি মরতোজা রেজা, কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শামছুল হক ও উপসচিব জাকির হোসেন কামাল বক্তব্য দেন। রেশম বোর্ড ভবনের তৃতীয় তলায় স্থাপন করা হয়েছে এই জাদুঘর। এখানে রেশম চাষের ইতিহাস, ঐতিহ্য, চাষ পদ্ধতির বিভিন্ন পর্যায়সহ সার্বিক কর্মকাণ্ড, তুঁত চাষ, পলু পালন, কোন পর্যায়ের মানুষ রেশম চাষ করে, রেশম চাষের সম্প্রসারণ পদ্ধতি, কোন শ্রেণীর মানুষ রেশমবস্ত্র পরিধান করে, বেসরকারি পর্যায়ে কীভাবে রেশম বোর্ড রেশম সম্প্রসারণের কাজ করছে ইত্যাদি তথ্য জানা যাবে।এ ছাড়া তুঁত পোকা কীভাবে পাতা খায়, ডিম দেয় ও গুঁটি তৈরি করে এবং কীভাবে তা থেকে সুতা তৈরি হয় ইত্যাদি তথ্যও সহজেই জানা যাবে জাদুঘরটি পরিদর্শনকালে।জানা গেছে, দু-এক দিন পরই এই জাদুঘরে একটি প্রজেক্টরের মাধ্যমে দর্শনার্থীদের রেশম চাষের পদ্ধতি ও তুঁত পোকার জীবনচক্র দেখানো হবে।এই জাদুঘরে ২৬ বছর আগে বন্ধ হয়ে যাওয়া রাজশাহী রেশম কারখানায় উৎপাদিত রেশমের কাপড় সংরক্ষণ করা হয়েছে, যেখানে লেখা রয়েছে, ‘আমার বয়স ২৬ বছর। এখনো আমি সৌন্দর্যময় আভিজাত্যের প্রতীক।’