রাজশাহীতে সিল্ক শাড়ির কদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিসিক শিল্পনগরের একটি শোরুমে সিল্ক শাড়ি দেখছেন ক্রেতারা l প্রথম আলো
রাজশাহী বিসিক শিল্পনগরের একটি শোরুমে সিল্ক শাড়ি দেখছেন ক্রেতারা l প্রথম আলো

প্রতিদিনই নিত্যনতুন নকশার মসলিন শাড়ি আসছে বিক্রয়কেন্দ্রে। সেই শাড়ি কিনতে ভিড় করছেন বিভিন্ন বয়সী নারী। পবিত্র রমজান মাসের শুরু থেকেই রাজশাহীর এই মসলিন শাড়ির পাশাপাশি থ্রি-পিস ও পাঞ্জাবি বেশ বিক্রি হচ্ছে।
র-সিল্কের ওপর সূক্ষ্ম হাতের কাজ করে তৈরি হয় মসলিন শাড়ি। রাজশাহীতে সপুরা সিল্ক মিলস শাড়ি উৎপাদন করছে। নগরের বিসিক এলাকায় তাদের কারখানার সঙ্গেই রয়েছে বিশাল বিক্রয়কেন্দ্র। সেটির ব্যবস্থাপক সাইদুর রহমান জানান, তাঁদের ৩০ থেকে ৩৫ রকমের মসলিন সিল্ক শাড়ি রয়েছে। প্রতিদিনই এসব শাড়িতে যোগ হচ্ছে নতুন নকশা, যার বিশেষত্ব হচ্ছে নকশা, পাড় ও জমিনের সঙ্গে চমৎকার ‘ম্যাচিং’। ৪ হাজার ৮০০ থেকে শুরু করে ১০ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে এই শাড়ি।
ক্রেতা চাহিদায় এরপরই রয়েছে বলাকা সিল্কের ওপরে হাতের কাজ করা শাড়ি। এগুলো ৫ হাজার থেকে ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এই শাড়ি ২০ থেকে ৩০ রকমের। তৃতীয় পর্যায়ে আছে সফট সিল্ক। বিক্রেতারা জানান, মধ্যবিত্ত শ্রেণির মানুষ এই সিল্কের শাড়ি বেশি কিনছেন। যেগুলোর দাম দেড় হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে। এ ছাড়া বিক্রি হচ্ছে বলাকা ব্লক, এনডি সিল্ক, আর্ট প্রিন্ট, র-সিল্কের ওপরে আর্ট প্রিন্ট, বলাকা কন্ট্রাস্ট থান, সিল্ক প্রিন্ট, তসর প্রিন্ট, তসর ব্লক ইত্যাদি শাড়ি। সেই সঙ্গে সিল্কের পাঞ্জাবি, থ্রি-পিস, ওড়না ও স্কার্ফ সমানতালে বিক্রি হচ্ছে।
গত বুধবার সপুরা সিল্কের বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, কানাডাপ্রবাসী তিন নারী মসলিন সিল্কের শাড়ি কিনছেন। তাঁরা বললেন, দেশে এলেই তাঁরা এই শাড়ি কেনেন। ওই সময়েই সিল্কের শাড়ি পছন্দ করছিলেন রাজশাহী পুলিশ লাইনস এলাকার গৃহবধূ শামসিয়া ফাহমিদা ও ঢাকার গৃহবধূ শামসীয়া ওয়াহিদা রহমান।
সপুরা সিল্ক মিলসের ব্যবস্থাপনা পরিচালক সদর আলী জানান, তরুণীরা এখন মুঠোফোনে থ্রি-পিসের নকশা দেখিয়ে সেটি করে দিতে বলেন। একই ভাবে শাড়ি ও পাঞ্জাবির নকশাও অনেকে মুঠোফোনে নিয়ে আসছেন। তিনি বলেন, আগের বছর পাঞ্জাবি ছিল খাটো ঝুলের। এবার চাহিদা হচ্ছে বড় ঝুল, তবে আঁটসাঁট। এই চাহিদার দিকে নজর রেখে পোশাক তৈরির কারণে তাঁরা প্রচুর ক্রেতা পেয়েছেন। ভালো বেচাকেনা হয়েছে।
সদর আলী বলেন, রাজশাহী ছাড়াও তাঁদের ঢাকায় চারটা ও চট্টগ্রামে একটি বিক্রয়কেন্দ্র রয়েছে। কারখানা ও বিক্রয়কেন্দ্রে একই দামে তাঁদের উৎপাদিত পোশাক বিক্রি হয়।