রাজশাহীর কৃষকেরা পাট জাগ দেওয়া নিয়ে এবারও বিপাকে
রাজশাহীর অনেক জায়গায়ই এবারও কৃষকেরা পাট জাগ দেওয়া তথা পচানো নিয়ে বেশ বিপাকে পড়েছেন। কারণ এখনো প্রয়োজনীয় পরিমাণে বৃষ্টিপাত না হওয়ায় বহু পুকুর, ডোবা ও জলাশয়ে পাট জাগ দেওয়ার মতো পানি জমেনি। স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূল থাকায় এবার রাজশাহী জেলায় গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ জমিতে পাটের চাষ হয়েছে। ফলনও হয়েছে ভালো। তা সত্ত্বেও দুরবস্থায় রয়েছেন কৃষকেরা। অনেক এলাকার জলাশয়গুলোতে প্রয়োজনীয় পরিমাণ পানি না থাকায় পাট কাটা যাচ্ছে না। আবার অনেক কৃষকই নতুন ফসল বোনার জন্য জমি ফাঁকা করতে পাট কেটে ফেললেও তা ‘জাগ’ দেওয়া নিয়ে সমস্যায় আছেন। তাঁদের মধ্যে কেউ কেউ অবশ্য দূরবর্তী কোথাও নিয়ে পাট জাগ দেওয়ার চেষ্টা করছেন।কারণ পুকুর ও জলাশয়গুলোতে পাট জাগ দেওয়ার মতো পানি এখনো জমেনি। এ নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এ অঞ্চলের পাটচাষিরা।রাজশাহী আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অফিস সূত্র জানায়, এ জেলায় এবার নয় হাজার ১৮৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে প্রায় দ্বিগুণ জমিতে। গত বছর রাজশাহী জেলায় ছয় হাজার ৫৪০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছিল।জেলার পবা উপজেলার তেঘর গ্রামের পাটচাষি সিরাজউদ্দিন সরকার প্রথম আলোর কাছে বলেন, এ বছর পাট উৎপাদন গত বছরের চেয়ে বেশি হয়েছে। কিন্তু সময়মতো পাট জাগ দিতে না পারলে সব আশা ভেস্তে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।একই উপজেলার বড়গাছী গ্রামের পাট চাষে রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত কৃষক আবদুর রহিম সরকার প্রথম আলোকে বলেন, এখনো পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয়নি। তাই পুকুর, ডোবা ও জলাশয়ে পাট জাগ দেওয়ার মতো পানি জমেনি। কাটা পাট সময়মতো পচাতে না পারলে কৃষকেরা কাঙ্ক্ষিত দাম পাবেন না। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, শুধু পাট নয়, কৃষকদের উৎপাদিত প্রতিটি পণ্যেরই সরকারিভাবে সঠিক মূল্য নির্ধারণ করতে হবে। রাজশাহীর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহসিন আলী মিঞা প্রথম আলোকে জানান, পাট জাগ দেওয়া তথা পচানোর জন্য জলাশয় কিংবা পুকুর ও ডোবাভর্তি পানি দরকার। বর্ষাকাল এসে গেলেও রাজশাহী অঞ্চলে তেমন ভারী বৃষ্টিপাত হয়নি। সে জন্য তিনি কৃষকদের আপাতত পাট কাটা থেকে বিরত থেকে আরেকটু সময় অপেক্ষা করার পরামর্শ দেন। তিনি বলেন, আগে পাট জাগ দেওয়ার জলাশয় ঠিক করে তবেই পাট কাটার চিন্তা করতে হবে কৃষকদের। বেশিদিন জমিতে পাট থাকলে খুব একটা ক্ষতি হবে না বলে তিনি উল্লেখ করেন।