রাজস্ব সংগ্রহে আগামী দিনগুলোতে বিশেষ পদক্ষেপ নেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে অর্থবছরের রাজস্ব সংগ্রহের লক্ষ্য অর্জিত হবে।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত রাজস্ব সমন্বয় কাউন্সিলের সভায় এমন প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থসচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় রাজস্ব সংগ্রহের দুর্বলতা, শেয়ারবাজারে দরপতন ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সন্তোষজনক বাস্তবায়ন না হওয়াসহ বাজেটে ঘোষিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি, বাজেট ঘাটতি, রপ্তানি আয়, জনশক্তি রপ্তানি, মুদ্রানীতি ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে।
অর্থ বিভাগ এতে চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) ওপর একটি প্রতিবেদন তুলে ধরে। প্রতিবেদনটিতে বলা হয়, তিন মাসে রাজস্ব সংগ্রহ হয়েছে ৩৮ হাজার ২৭৮ কোটি টাকা, যা পুরো বছরের মোট লক্ষ্যমাত্রার ১৮ দশমিক ৪ শতাংশ। আগের বছরের একই সময়ে রাজস্ব সংগ্রহের পরিমাণ ছিল ৩৪ হাজার ৭৮৫ কোটি টাকা, যা ওই বছরের মোট লক্ষ্যমাত্রার ১৯ শতাংশ।
রাজস্ব সংগ্রহের হার কমে যাওয়ার বিষয়ে এনবিআরের পক্ষ থেকে সভায় জানানো হয়, সংস্থাটি শিগগির কিছু বিশেষ পদক্ষেপ নিচ্ছে এবং অর্থবছরের রাজস্ব সংগ্রহের লক্ষ্যও অর্জন করতে পারবে।
প্রতিবেদনে আরও বলা হয়, অর্থবছরের প্রথম তিন মাসে সরকার ৩৭ হাজার ১২১ কোটি টাকা ব্যয় করেছে, যা অর্থবছরের মোট বাজেটের ১২ দশমিক ৬ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে ব্যয়ের পরিমাণ ছিল ৩৬ হাজার ৫২৩ কোটি টাকা, যা ওই বছরের বাজেটের ১৪ দশমিক ৬ শতাংশ।
সূত্র জানায়, সভায় এডিপি বাস্তবায়নের নিম্নতম হার নিয়ে পরিকল্পনামন্ত্রীর কাছে প্রশ্ন তোলা হয়। পরিকল্পনামন্ত্রী দায় স্বীকার করে নিয়ে নিজেও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অর্থ বিভাগের প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে এডিপি বাস্তবায়িত হয়েছে মাত্র ৬ দশমিক ৭ শতাংশ, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।
চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ শতাংশ। বিশ্বব্যাংক এরই মধ্যে বলেছে, তা ৬ দশমিক ৫ শতাংশের মতো অর্জিত হবে। সূত্রমতে, গতকালের সভায় কেউ কেউ বলেছেন, জিডিপি প্রবৃদ্ধির হার ৭ শতাংশই অর্জিত হবে। বেসরকারি বিনিয়োগের গতি নিম্নমুখী হওয়ায় অনেকে আবার লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন।
বর্তমান অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৩ হাজার ২০০ কোটি ডলারে নির্ধারণের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, তিন মাসে ১ হাজার কোটি ডলার অর্জিত হয়ে গেছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দর কম থাকায় এবং কৃষিপণ্যের ভালো ফলন হওয়ায় দেশে মূল্যস্ফীতি কম রয়েছে বলে বৈঠকে স্বস্তি প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংকের নেওয়া সংকোচনমূলক মুদ্রানীতির কারণেও মূল্যস্ফীতি এখন কম বলে প্রতিবেদনে উল্লেখ করে অর্থ বিভাগ।
শেয়ারবাজার: শেয়ারবাজার নিয়ে সমন্বয় কাউন্সিলের বৈঠকে কী আলোচনা হলো—জানতে চাইলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসলাম আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘বাজারের দরপতন নিয়ে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী শিগগির বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসির চেয়ারম্যানকে নিয়ে এ বিষয়ে করণীয় নির্ধারণে বৈঠকে বসবেন।’
এদিকে টানা ষষ্ঠ দিনের মতো গতকাল বুধবার দেশের উভয় শেয়ারবাজারে দরপতন হয়েছে। ৬ দিনের পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ১৮০ পয়েন্ট। এই বাজারের প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৩৯ পয়েন্ট কমে ৪ হাজার ৩৭১ পয়েন্টে নেমে এসেছে। গত ৬ মাসের মধ্যে এটিই হলো ডিএসইএক্সের সর্বনিম্ন অবস্থান। দরপতনের পাশাপাশি লেনদেনও নেমে এসেছে আড়াই শ কোটি টাকার কাছাকাছি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইএক্স সূচক এদিন ৫৮ পয়েন্ট কমে নেমে এসেছে ৮ হাজার ১৩৪.১৭ পয়েন্টে। এ বাজারে গতকাল লেনদেন হয়েছে ২২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার।