এই রেস্তোরাঁর ব্যবস্থাপক বাবুল মিয়া জানান, এখন আগের চেয়ে খাবার রান্না করা অর্ধেকে নেমে এসেছে। ব্যবসা গুটিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।
তেজকুনিপাড়ার ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার এই অবরোধে বেশ কয়েক দিন বন্ধ রাখতে হয়েছে। মূল সড়কে এই দোকানটি অবস্থিত হওয়ায় ঝুঁকি নিয়ে খোলা হয়নি। এই দোকানের কর্মচারী মনির হোসেন জানান, এই মৌসুমে বিয়েশাদিসহ অন্যান্য অনুষ্ঠান বেশি থাকে। তাই মিষ্টির চাহিদাও থাকে। কিন্তু এবার রাজনৈতিক অস্থিরতায় এসব অনুষ্ঠান কম হচ্ছে। তাই বেচাকেনা কম।
এদিকে রাজধানীর বড় বড় কমিউনিটি সেন্টারগুলোও জানায়, চলতি ডিসেম্বর মাসেও পর্যাপ্ত বুকিং নেই। যেখানে আগে মাসে ২০-২৫ দিন অনুষ্ঠান হতো। এখন শুক্রবার ছাড়া আর বুকিং নেই বললেই চলে। আর কমিউনিটি সেন্টার সেবার পাশাপাশি ডেকোরেটের সেবাও বন্ধ রয়েছে।
এসব খাত থেকেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মূসক আদায় করে থাকে। কিন্তু গত কয়েক মাস ধরে চলমান রাজনৈতিক অস্থিরতায় প্রায় সব খাতের ব্যবসা-বাণিজ্য অনেকটা বন্ধ রয়েছে। তাই এনবিআর কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছে না। এতে বছর শেষে এসব খাত থেকে আয়করও কমে যাবে।
শুধু ছোট ব্যবসায় নয়, বড় ব্যবসা থেকেও রাজস্ব আদায়ে বিশেষ করে মূসক আদায়ে লক্ষ্য অর্জিত হচ্ছে না। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এমন চিত্র দেখা গেছে। এরপর অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে অবরোধ ও হরতাল আরও বেড়েছে। আর বিশেষ করে বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) বড় কোম্পানিগুলো ত্রৈমাসিক ভিত্তিতে মূসক দিয়ে থাকে।
চলতি অর্থবছরে এনবিআরকে এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, যাতে আপত্তি ছিল এনবিআরের।
এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, দোকানিরা তাঁদের প্রতিষ্ঠান খুলতে পারছেন না। কারখানাগুলো বন্ধ রয়েছে, পণ্য উৎপাদন হচ্ছে না। আর অবরোধ-হরতালে পণ্যের বাজারজাত করা সম্ভব হচ্ছে না। তাই কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হচ্ছে না।
আদায় পরিস্থিতি: হরতাল আর অবরোধে সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য বাজারজাত করতে পারছে না। তাই বিক্রির ওপর যে কর আদায় করা হয়, তা অনেক কমে গেছে। গত নভেম্বর মাসে সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ৬০০ কোটি টাকার মতো আদায় হয়েছে। গত অক্টোবর মাসে এর পরিমাণ ছিল এক হাজার ৫৭ কোটি টাকা।
মোবাইল ফোন কোম্পানিগুলোর কাছ থেকেও মূসক আদায়ে লক্ষ্য অর্জন করা যায়নি। মোবাইল ফোন কোম্পানিগুলোর কাছ থেকে প্রথম প্রান্তিকে মাত্র ৯৪০ কোটি টাকা আদায় হয়েছে। অথচ এ সময়ে এক হাজার ৬৮৮ কোটি টাকা আদায়ের লক্ষ্য ছিল। এমনকি গত বছরের একই মাসে এক হাজার ৩৪৩ কোটি টাকা আদায় করেছিল বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। চলতি বছরের নভেম্বরও তা তুলনামূলক কমেছে।
হরতাল-অবরোধের মতো সহিংস কর্মসূচির কারণে পর্যাপ্ত বিদেশি অতিথি পাচ্ছে না তারকা হোটেলগুলো। প্রথম প্রান্তিকে পাঁচটি হোটেল থেকে অতিথিদের সেবা বাবদ ২৫ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও পাওয়া গেছে ২০ কোটি টাকা।
বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সেবার বিনিময়ে রাজস্ব আদায়ে লক্ষ্য থেকে পিছিয়ে পড়ছে এলটিইউ। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এই খাত থেকে মাত্র ১৩৭ কোটি টাকার মূসক আদায় করেছে এলটিইউ। অথচ লক্ষ্য ছিল ১৮১ কোটি টাকার।
অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে ১৪০ কোটি টাকা আদায় করা হয়েছিল। বাণিজ্যিক ব্যাংকগুলো যে সেবা দেয়, তার ওপর ১৫ শতাংশ হারে মূসক দেওয়ার বিধান রয়েছে।
রাজনৈতিক অস্থিরতার ছোবল পড়েছে কোমল পানীয় খাতে। প্রথম প্রান্তিকের লক্ষ্য ১১৪ কোটি টাকার বিপরীতে কর আদায় হয়েছে ১০৭ কোটি টাকা। এই পরিস্থিতি বিমা খাতেও। আলোচ্য সময়ে এই উপখাতে মূসক আদায়ের লক্ষ্য ছিল ৪২ কোটি টাকা। আদায় হয়েছে ৩৭ কোটি টাকা।
ব্যক্তি পর্যায়ের নির্মাণ খাতেও অবরোধের প্রভাব সুস্পষ্ট। টাইলস বিক্রির ওপর প্রথম প্রান্তিকে ৫৭ কোটি টাকার মূসক আদায়ের বিপরীতে আদায় হয়েছে মাত্র ৩৮ কোটি টাকা। তবে সিমেন্ট বিক্রির ওপর মূসক আদায়ের লক্ষ্য অর্জিত হয়েছে। ৩৫ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ৪৭ কোটি টাকা। মূলত সরকারের অবকাঠামো নির্মাণ প্রকল্পে ব্যবহূত সিমেন্ট থেকেই বেশি মূসক আদায় হয়।