রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্য
আগামী অর্থবছর তিন লাখ কোটি টাকা ব্যয় করতে চায় সরকার। তাই আয়ও বাড়াতে হচ্ছে। শুধু জাতীয় রাজস্ব বোর্ডকেই (এনবিআর) জোগান দিতে হবে পৌনে দুই লাখ কোটি টাকার বেশি।
আগামী ২০১৫-১৬ অর্থবছরে এনবিআরের জন্য ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) ও শুল্ক—এই তিনটি খাত থেকে বিপুল এ অর্থ আদায় করতে হবে।
এই বিশাল লক্ষ্য নিয়ে প্রথমে এনবিআর কর্মকর্তাদের তীব্র আপত্তি ছিল। তবে অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন, কাঙ্ক্ষিত হারে রাজস্ব আদায় না হলে পরে লক্ষ্য কমিয়ে দেওয়া হবে। এ আশ্বাসের প্রেক্ষিতেই চাপিয়ে দেওয়া বিশাল লক্ষ্যের বোঝা মেনে নেয় এনবিআর।
গতবারের মতো এবারও প্রত্যক্ষ কর বা আয়কর থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে। আয়কর খাতে ৬৫ হাজার ৯৩২ কোটি টাকা আদায়ের পরিকল্পনা করেছে এনবিআর। মূসক খাত থেকে ৬৩ হাজার ৯০২ কোটি টাকা ও শুল্ক থেকে ৪৬ হাজার ৫৩৬ কোটি টাকা আদায়ের লক্ষ্য ঠিক করা হয়েছে।
বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, ‘বর্তমান বাস্তবতার আলোকে এনবিআরের পক্ষে এই বিশাল লক্ষ্য অর্জন সম্ভব নয়। কেননা বিশাল লক্ষ্য অর্জন করতে এনবিআরে যে ধরনের সংস্কার প্রয়োজন, তা হয়নি।’ তাঁর মতে, আয়কর খাতে এখন সংস্কারকাজ শুরু করলে এর সুফল মিলবে কমপক্ষে তিন বছর পরে। আর মূসক আইন বাস্তবায়ন করলে হয় তো কিছু সুফল পাওয়া যাবে। তাই সহজে কর আদায় করা যায়, এমন কিছু খাতকেই এবার বেশি প্রাধান্য দেওয়ার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, চলতি অর্থবছরে সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে আগামী অর্থবছরে এনবিআরকে প্রায় ৪১ হাজার কোটি টাকা বেশি আদায় করতে হবে। রাজস্ব আদায়ে ৩০ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করতে হবে। চলতি অর্থবছরে ১ লাখ ৩৫ হাজার ২৮ কোটি টাকার সংশোধিত লক্ষ্য দেওয়া হয়েছে। মূল লক্ষ্য ছিল ১ লাখ ৪৯ হাজার কোটি টাকা।
আগামীর এই বিশাল আয়ের উৎস হিসেবে নাগরিক তথা করদাতার ওপরেই ভরসা রাখতে হচ্ছে এনবিআরকে। আয়কর সরাসরি করদাতার কাছ থেকে আদায় হয়। আর মূসকও এক ধরনের ভোক্তা কর। উৎপাদক ও বিক্রেতা প্রতিষ্ঠানই এই কর আদায় করে দেয়।এ দুটি খাত থেকেই প্রায় ৭৪ শতাংশ রাজস্ব আদায় করা হবে।
এই বিশাল লক্ষ্য অর্জনে অন্যবারের মতো এবারও সহজে কর আদায় হয়, এমন পথকেই বেছে নিচ্ছে এনবিআর। তাই উৎসে কর আদায়ই ভরসা এনবিআরের। প্রতিবছর আয়কর খাতে যত কর আদায় হয়, তার প্রায় ৬০ শতাংশ আসে উৎসে আয়কর থেকে। বিভিন্ন ব্যাংক, সেবা প্রদানকারী ও গ্রহণকারীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এনবিআরের পক্ষে উৎসে কর আদায় করে থাকে। পরে এনবিআরের কোষাগারে জমা দেয়। এনবিআর সূত্রে জানা গেছে, মোট আদায়কৃত উৎসে করের সবচেয়ে বেশি ৩০ শতাংশই আসে ঠিকাদারদের কাছ থেকে। এ ছাড়া অগ্রিম কর হিসেবে মোট উৎসে করের আমদানি পর্যায়ে ২০ শতাংশ কর আসে। আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক কেটে রাখা উৎসে কর থেকে আসে আরও ১৭-১৮ শতাংশ। এই তিনটি খাত থেকেই মোট উৎসে করের প্রায় ৭০ শতাংশ আসে।
পরিবর্তন: আগামী অর্থবছরেও ফ্ল্যাট কেনায় কালো টাকা সাদা করার সুযোগ রাখা হতে পারে। জরিমানা দিয়ে স্বেচ্ছায় অপ্রদর্শিত আয় ঘোষণা দেওয়ার সুযোগ বহাল থাকছে।
অন্যদিকে তৈরি পোশাক খাতের উৎসে কর আগের মতো দশমিক ৮ শতাংশ রাখার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, এতে রাজস্ব আদায় বাড়বে কমপক্ষে দুই হাজার কোটি টাকা।
এ ছাড়া বার্ষিক করমুক্ত আয়সীমাও আড়াই লাখে উন্নীত করা হতে পারে। তবে ন্যূনতম করের পরিমাণ তিন থেকে বাড়িয়ে চার হাজার টাকা করা হতে পারে। এ ছাড়া করের ভিত্তি বাড়ানোর জন্য কিছু সরকারি সেবা ও বেতন-ভাতায় ইটিআইএন বাধ্যতামূলক করা হতে পারে। অন্যদিকে করপোরেট করের হারও সব স্তরেই দুই শতাংশ কমানো হতে পারে।