বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ মনে করে, রাজস্ব আদায়ে গতি কমে যাওয়া, ঋণ বৃদ্ধি এবং সরকারি বিনিয়োগ কমে যাওয়ায় মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি (জিডিপি) কমে যেতে পারে। গত ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য-উপাত্ত ধরে দেশের অর্থনৈতিক পর্যালোচনায় সংস্থাটি এ মত প্রকাশ করেছে।
সংবাদপত্রে পাঠানো এক বিশ্লেষণে গবেষণা প্রতিষ্ঠানটি বলেছে, দেশের রাজস্ব আয় কমছে এমন সময়, যখন জিডিপির প্রবৃদ্ধি আগের বছরের তুলনায় টানা তৃতীয়বারের মতো কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিনিয়োগে স্থবিরতার কারণে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি এক দশকের গড় হার ৬ শতাংশের নিচে নেমে যেতে পারে। প্রতিষ্ঠানটির প্রক্ষেপণ হচ্ছে, এবার প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৬৫ শতাংশের কাছাকাছি হতে পারে।
উন্নয়ন অন্বেষণ মনে করে, রাজস্ব আদায় না হওয়ায় বাজেট ঘাটতি বাড়বে। ২০১৩-১৪ অর্থবছরে বাজেট ঘাটতি জিডিপির ৪ দশমিক ৬ শতাংশ ধরা হয়েছে। সরকারি ঋণের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫ হাজার ৩২ কোটি টাকা। প্রতিবছর মাথাপিছু ঋণ বাড়ছে। এ বছর তা আরও বাড়তে পারে।
২০১৩-১৪ অর্থবছরে সুদ পরিশোধ খাতে মোট ব্যয় নির্ধারিত আছে ২৭ হাজার ৭৪৩ কোটি টাকা। গত অর্থবছরের তুলনায় যা ১৮ দশমিক ৮৩ শতাংশ বেশি। অর্থাৎ সুদ পরিশোধ অনুন্নয়ন খাতের সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে। এতে সামাজিক খাতে বরাদ্দ কমে যাচ্ছে বলে মনে করছে সংস্থাটি।
উন্নয়ন অন্বেষণের মতে, যদি রাজস্ব আয় ও ব্যয়ের লক্ষ্যমাত্রার চলতি ধারা অব্যাহত থাকে, তবে রাজস্ব আয় ও ব্যয়ের পার্থক্য ২০১৩-১৪ অর্থবছরে ৫৫ হাজার ৩২ কোটি টাকা থেকে বেড়ে ২০১৪-১৫ অর্থবছরে ৫৮ হাজার ১৭০ কোটি টাকা দাঁড়াতে পারে।
সংস্থাটির পরামর্শ হচ্ছে, কাঠামোগত দুর্বলতা কাটিয়ে সরকারকে প্রগতিশীল করকাঠামোর দিকে নজর দিতে হবে। এর জন্য করকাঠামোয় প্রাতিষ্ঠানিক বড় সংস্কার দরকার হবে।