রাজস্ব আদায় বাড়লেও প্রবৃদ্ধি একটু কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায় করেছে ২৮ হাজার ৬২৪ কোটি টাকার। রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৮২ শতাংশ। তবে গত বছরের একই সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার ছিল ১৫ দশমিক ৭৪ শতাংশ।এনবিআরের পরিসংখ্যান থেকে দেখা যায়, জুলাই-অক্টোবর সময়ে তিন হাজার ৬৯৫ কোটি টাকার রাজস্ব আদায় বাড়লেও প্রবৃদ্ধি কমেছে। গত অর্থবছরে একই সময়ে ২৪ হাজার ৯২৯ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। চলতি অর্থবছরে এনবিআরের জন্য এক লাখ ১২ হাজার ২২৯ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) সম্পূরক শুল্ক, রপ্তানি শুল্ক আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৮৮ শতাংশ। এই খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ১০ হাজার ৩৮৫ কোটি টাকা। গত বছর একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল নয় হাজার ৩৬৭ কোটি টাকা। প্রবৃদ্ধি হয়েছিল প্রায় ১২ শতাংশ।স্থানীয় পর্যায়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি কমেছে। এই উপখাতে সাধারণত মূসক, আবগারী শুল্ক, সম্পূরক শুল্ক ও টার্নওভার কর আদায় করা হয়। এসব উপখাত থেকে এনবিআরের আদায় হয়েছে ১০ হাজার ৩১৯ কোটি টাকা। প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৮২ শতাংশ। গত বছর একই সময়ে এসব উপখাত থেকে আদায় হয়েছিল নয় হাজার ৩৩১ কোটি টাকা। প্রবৃদ্ধি হয়েছিল ১৪ শতাংশ। জুলাই-অক্টোবর সময়ে প্রত্যক্ষ কর উপখাতে প্রবৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি। এখান থেকে রাজস্ব আদায় হয়েছে সাত হাজার ৯১৯ কোটি টাকার। প্রবৃদ্ধিও বেড়ে হয়েছে ২৬ দশমিক ৭০ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এই খাতে আদায় ছিল ছয় হাজার ২৫০ কোটি টাকা। আর চলতি অর্থবছরের চার মাসে শুধু আয়কর উপখাতেই রাজস্ব আদায় হয়েছে সাত হাজার ৭১৫ কোটি টাকা। এনবিআর কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, চলতি অর্থবছরে আমদানি পণ্যের মূল্য খুব একটা বাড়েনি। তবে লক্ষ্য বাড়ানোর ফলে প্রবৃদ্ধি কিছুটা কম। কেননা শুল্কায়ন হয় মূল্যের ভিত্তিতে। তবে ১৫ নভেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী জমা দেওয়ার সুযোগ থাকায় আয়কর খাতে প্রবৃদ্ধি বেশি হয়েছে।