রাজস্ব আদায় বাড়াতে নতুন মূসক আইন প্রণয়ন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব নাসির উদ্দিন আহমদ বলেছেন, সরকার নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইন প্রণয়নের কাজ করে যাচ্ছে। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে।গাজীপুর জেলা শহরে গত সোমবার ‘ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর), ইজারাদার ও মূল্য সংযোজন কর সংক্রান্ত’ এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।শহরের বঙ্গতাজ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ডের এ মতবিনিময় সভায় কর কমিশনার (ঢাকা উত্তর) এনায়েত হোসেন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক। সভায় বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদার, এনবিআরের সদস্য আবদুল মান্নান পাটোয়ারী, গাজীপুর চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ার সাদত সরকার, ব্যবসায়ী আবুল হাসেম, ডিলার মো. আসাদুল্লা প্রমুখ।সভায় ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার ব্যবহারের পদ্ধতি সম্পর্কে একটি ভিডিওচিত্র দেখানো হয়। মো. কামালউদ্দিন তালুকদার বলেন, ভ্যাট বা মূসক ফাঁকি রোধ করতে ই-ক্যাশ ব্যবহারের বিকল্প নেই। ই-ক্যাশ ব্যবহার করা হলে বিক্রীত পণ্য থেকে সরকার সঠিক কর পাবে। তিনি আরও বলেন, বেশ কিছু পণ্য বিক্রির ক্ষেত্রে সরকার ইসিআর ব্যবহার বাধ্যতামূলক করছে।